লখনউয়ের (Lucknow) এক বহুতলের চারতলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল ২৮ বছরের ব্যবসায়ী শিবা শর্মার (Shiv Sharma)। গত ৯ অক্টোবরের সেই ঘটনা ঘিরে প্রথম থেকেই রহস্য দানা বাঁধছিল। দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য! এবার সেই তদন্তেই সামনে এল নয়া তথ্য। পুলিশ সূত্রে খবর, শিবার লিভ-ইন (Live- in) সঙ্গী তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Social Media Influencer) শ্রদ্ধা দুবের (Shraddha Dubey) ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে যৌন উদ্দীপক ওষুধ এবং সেক্স টয় (Sex Toy)। পাশাপাশি, কয়েকটি মোবাইল চ্যাটও তদন্তকারীদের নজরে এসেছে। শ্রদ্ধার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের যোগাযোগ ছিল কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: মহাসপ্তমীতে শাহর বঙ্গ সফর, একদিনে ঠাসা পুজো পরিক্রমার সূচি

শিবার মৃত্যু নিয়ে তাঁর মা রঞ্জনা শর্মার অভিযোগ আরও গুরুতর। তাঁর দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন। ছেলের শরীরে আঘাতের চিহ্ন ও সিগারেটের ছ্যাঁকার দাগ ছিল বলে অভিযোগ করেছেন তিনি। এমনকী, শিবার মুখে লিপস্টিক এবং শরীরে মেকআপও দেখতে পেয়েছিলেন বলে দাবি রঞ্জনার। তাঁর কথায়, ছেলেকে অন্তর্বাস পরা অবস্থায় বহুতলের নীচে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন: আমেরিকায় পা রাখতেই 'সন্ত্রাসী' তকমা ইউনুসকে! লজ্জায় ব্যস্ত হলেন মুখ লুকোতে

শিবার মায়ের অভিযোগ, শ্রদ্ধা দীর্ঘদিন ধরে তাঁর ছেলেকে মারধর করতেন এবং ব্ল্যাকমেল করতেন। প্রভাবশালী রাজনীতিবিদ, উচ্চপদস্থ আমলা ও ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথা বলে শিবাকে ভয় দেখানো হত বলেও দাবি তাঁর। পাশাপাশি, মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর হুমকি দেওয়া হত বলে অভিযোগ।

তদন্তে নতুন করে আলোচনায় এসেছে একটি সাদা অডি গাড়ি। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শিবা নীচে পড়ে যাওয়ার প্রায় ১৫ মিনিট পরে গাড়িটি আবাসনে ঢোকে। গাড়িতে ‘সচিবালয়’ লেখা ছিল বলে জানা গিয়েছে। কিছুক্ষণ পরেই সেটি বেরিয়ে যায়। গাড়িটি কার, কেন সেখানে এসেছিল, তা নিয়ে তদন্ত চলছে।

পুলিশ সূত্রে খবর, গত তিন মাস ধরে শ্রদ্ধার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন শিবা। সম্প্রতি শ্রদ্ধার বোনও তাঁদের সঙ্গে থাকতে শুরু করেন। ঘটনার দিন অভিযুক্তদের গাড়িচালক শিবার পরিবারকে ফোন করে জানান, তিনি ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু হাসপাতালে পৌঁছে পরিবারের সদস্যরা জানতে পারেন, শিবার মৃত্যু হয়েছে।

মৃত্যুর মাত্র চার দিন আগেই গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছিলেন শিবা। ফলে তাঁর আকস্মিক মৃত্যু ঘিরে পরিবারের সন্দেহ আরও বেড়েছে।

রঞ্জনা শর্মার অভিযোগের ভিত্তিতে শ্রদ্ধা দুবে, তাঁর বোন, গাড়িচালক-সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। আপাতত সিসিটিভি ফুটেজ, মোবাইলের চ্যাট এবং অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শিবার মৃত্যু কীভাবে হল, তার পিছনে কোনও ষড়যন্ত্র ছিল কি না, এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ।