টলিউডের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর দুর্দান্ত অভিনয় ক্ষমতার পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং নাচ-গানের জন্য সবসময়ই চর্চায় থাকেন। উৎসবের মরসুমে নিজেকে শামিল করতে ভালোবাসেন তিনি। কিন্তু সম্প্রতি একটি অনুষ্ঠানে ঢাকের তালে তাঁর নাচ করা নিয়ে নতুন করে সমাজমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও নেতিবাচক মন্তব্য।
আরও পড়ুন: নেতৃত্ব বদলের দিনেই উত্তরপ্রদেশ কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণার একটি নতুন ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানে ঢাকের চড়া আওয়াজে চেনা ছন্দে কোমর দোলাচ্ছেন অভিনেত্রী। উৎসবের মেজাজে পুরোপুরি সাবেক সাজে ধরা দিয়েছিলেন তিনি। পরনে ছিল একটি দৃষ্টিনন্দন লাল শাড়ি, মানানসই জমকালো গয়না এবং মাথায় জড়ানো লাল ওড়না। ‘ঢাকের তালে কোমর দোলে’র সঙ্গে তাল মিলিয়ে তাঁকে নাচতে দেখা যায়।
আরও পড়ুন: 'লেনন রয়েছেন', উৎপল সিনহার কলম
অভিনেত্রী অত্যন্ত আনন্দের সঙ্গে নাচলেও, নেটিজেনদের একাংশের তাঁর এই নাচের ভঙ্গিমা একেবারেই পছন্দ হয়নি। ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই কমেন্ট বক্স উপচে পড়ে তীব্র কটাক্ষ আর ট্রোলিংয়ে। একজন নেটিজেন সোজা মন্তব্য করেছেন, “কোমর যে আর দুলছেই না!” মহালয়া বা পুজোর আবহে এমন নাচ দেখে অপর একজন খোঁচা দিয়ে লিখেছেন, “মহালয়ার দিন ভাসান ডান্স কে করে!” কেউ কেউ আবার অভিনেত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, “যেমন খুশি নাচো প্রতিযোগিতা হচ্ছে নাকি?” আবার একজন সরাসরি প্রশ্ন তুলেছেন, “নাচতেই হতো? খুব কি অসুবিধা হতো না নাচলে? আমার সরল মনে এটাই জানার ছিল।”
আরও পড়ুন: রাষ্ট্রপতির পর এবার প্রধান বিচারপতি, সোমবার সূর্য কান্তের সঙ্গে সাক্ষাৎ রাহুল- খাড়গের
তবে কেবল নেতিবাচক মন্তব্যই নয়, ট্রোলের পাশাপাশি ঋতুপর্ণার অনুরাগীরা তাঁর পাশেও দাঁড়িয়েছেন। অনেকেই তাঁর এই উৎসব উদযাপনের এনার্জি এবং উদ্যমের প্রশংসা করে লিখেছেন, “দারুণ হয়েছে, খুব সুন্দর। এমন একটু মনোরঞ্জন হলেই তো মনে হয় পুজো আসছে।”
পোশাক, গান কিংবা নাচ নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত কটাক্ষের শিকার হওয়া এবারই প্রথম নয়। এর আগেও বহুবার নানা কারণে সমাজমাধ্যমে ট্রোলড হয়েছেন তিনি। তবে এই সমস্ত ট্রোলিং বা নেতিবাচক মন্তব্যকে অভিনেত্রী বরাবরের মতোই ফু-দিয়ে উড়িয়ে দিতে ভালোবাসেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, সোশ্যাল মিডিয়ায় করা এই সমস্ত মন্তব্যের অর্ধেকই তিনি দেখেন না এবং এগুলিকে তিনি বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ। নিন্দুকদের কথায় কান না দিয়ে তিনি নিজের চেনা মেজাজেই উৎসবের আনন্দ উপভোগ করছেন।















