চলচ্চিত্রের রুপোলি পর্দার বাইরে গিয়ে এবার বাস্তব জীবনের গল্প আর সাধারণ মানুষের সৃষ্টিশীল প্রতিভাকে ডানা মেলার সুযোগ করে দিতে এক অনন্য উদ্যোগ নিলেন বলিউড অভিনেতা ও প্রযোজক আমির খান। তাঁর প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনস তৃণমূল স্তরের এবং উদীয়মান শিল্পীদের প্রতিভা বিশ্বের দরবারে তুলে ধরতে চালু করেছে একটি সম্পূর্ণ নতুন ডিজিটাল ওপেন-মাইক প্ল্যাটফর্ম, যার নাম রাখা হয়েছে ‘ওয়ান্স আপন আ মাইক’ (Once Upon A Mic)।
আরও পড়ুন: পর্দা কাঁপাতে ফিরছে সেই চেনা উষ্ণতা! ১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের মনের অব্যক্ত কথা এবং প্রচারের আড়ালে থাকা প্রতিভাকে মূলধারার বিনোদনের সঙ্গে যুক্ত করতেই এই অডিও-ভিজ্যুয়াল মঞ্চের অবতারণা। প্রযোজনা সংস্থার অফিসিয়াল ডিজিটাল চ্যানেল ‘আমির খান টকিজ’-এর অধীনে এই শো টি সম্প্রচারিত হচ্ছে। এ বিষয়ে প্রখ্যাত স্টোরিটেলিং ও স্পোকেন-ওয়ার্ড কালেক্টিভ ‘কমিউন’ (Kommune)-এর সঙ্গে যৌথভাবে হাত মিলিয়েছে আমির খানের সংস্থা। এখানে সাধারণ মানুষ এবং নবীন শিল্পীরা কোনো রকম আড়ষ্টতা ছাড়াই স্বরচিত কবিতা, গল্প বলা, এবং র্যাপের মাধ্যমে নিজেদের জীবনের গল্প ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন: বাড়িতে ঢুকে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার প্রৌঢ়
সোশ্যাল মিডিয়ায় এই প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে বলা হয়, এটি এমন এক আসর যেখানে গল্পরা ডানা মেলবে এবং এবার আমির খান টকিজের মঞ্চে সাধারণ মানুষও তাদের জীবনের গল্প শোনাবেন।
‘ওয়ান্স আপন আ মাইক’-এর প্রথম বা উদ্বোধনী পর্বের মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছেন মুম্বইয়ের গোবান্দির (Govandi) উদীয়মান তরুণী র্যাপ শিল্পী সানিয়া এমকিউ (Saniya MQ)। সমাজের এক প্রান্তিক অঞ্চল থেকে উঠে আসা এই শিল্পীর প্রথম পরিবেশনাটির শিরোনাম দেওয়া হয়েছে “জমিন হ্যায় কিসকি, জামানা কিসকা?” যেখানে তিনি তাঁর জীবনের চরম বাস্তবতা, ছন্দময় ক্ষোভ, সংগ্রাম এবং ব্যক্তিগত সত্যকে অত্যন্ত সততা ও সাহসিকতার সঙ্গে তাঁর র্যাপের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সানিয়ার এই পারফরম্যান্সটি আমির খানের এই নতুন উদ্যোগের মূল দর্শন—অর্থাৎ মূলধারার প্রচারের আড়ালে থাকা কণ্ঠস্বরগুলিকে যথাযথভাবে ফুটিয়ে তোলা।
আরও পড়ুন: মিছিলের কোনও খবর আমাদের কাছে নেই: তৃণমূলের ছাত্র-যুব সংগঠনের কর্মসূচি নিয়ে জানালেন CP
সিনেমার পর্দায় সবসময়ই ভিন্নধর্মী ও সমাজ সচেতনামূলক গল্পের জন্য সুপরিচিত আমির খান। তবে ‘ওয়ান্স আপন আ মাইক’ উদ্যোগের মাধ্যমে তিনি এবার প্রথাগত রূপোলি পর্দার সীমানা পেরিয়ে একদম সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের আবেগ ও অনুভূতিকে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে এই শোর প্রথম পর্বটি সরাসরি উপভোগ করা যাচ্ছে ইউটিউবের আমির খান টকিজ (Aamir Khan Talkies) অফিশিয়াল চ্যানেলে। শিল্পবোদ্ধাদের মতে, এই প্রশংসনীয় উদ্যোগের ফলে ভারতের আনাচে-কানাচে লুকিয়ে থাকা বহু সুপ্ত প্রতিভা এবার আত্মপ্রকাশের একটি বড় এবং নির্ভরযোগ্য ঠিকানা খুঁজে পাবে।















