টেলিপাড়ার জনপ্রিয় ‘খলনায়িকা’ তিনি। পর্দায় কখনও কুচক্রী শাশুড়ি, আবার কখনও দাপুটে মায়ের চরিত্রে দর্শক তাঁকে দেখে অভ্যস্ত। কিন্তু সেই চিরচেনা ছক ভেঙে এবার সোজা নেটপাড়ার পারদ চড়ালেন জনপ্রিয় অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। ব্লাউজ ছাড়া, পিঠ খোলা বোল্ড অবতারে ক্যানভাসের সামনে পোজ দিয়ে সমাজমাধ্যমের পাতায় আক্ষরিক অর্থেই আগুন জ্বালিয়েছেন তিনি! আর তাতেই শুরু হয়েছে জোর চর্চা, সঙ্গে ধেয়ে আসছে কটাক্ষের বন্যা।

আরও পড়ুন: পুজোর মুখে পর্যটকদের জন্য সুখবর, চালু কার্শিয়াং-মহানদী রুটের টয়ট্রেন

সম্প্রতি নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিশেষ ভিডিও শ্যুট পোস্ট করেছেন কাঞ্চনা। এই বিশেষ কন্টেন্টটির থিম ছিল ‘মোহমায়া’। ভিডিওটিতে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী সাজে লাল-হলুদ ঢাকাই পারের শাড়ি জড়িয়েছেন অভিনেত্রী। চুলে আলতো করে জড়ানো লাল গোলাপের মালা, নাকে নথ, হাতে বাজুবন্ধ ও সাবেকি গয়না। তবে আসল টুইস্ট লুকিয়ে পোশাক পরার ধরনে— শাড়ির নিচে কোনও ব্লাউজ পরেননি তিনি। অনাবৃত ব্যাকলেস লুকে, চোখের তীক্ষ্ণ চাউনি আর খোলামেলা পিঠের জাদুতে কাঞ্চনা যে লাস্যের ঝড় তুলেছেন, তা এক কথায় অনবদ্য। এই ফটোশ্যুটের পুরো কনসেপ্ট ও স্টাইলিং করেছেন চন্দন পাল এবং মেকআপের দায়িত্বে ছিলেন পিয়ালি।

আরও পড়ুন: প্রাণের গান আর জমিয়ে নাচ! কানাডায় জমজমাট সৌমিত্রর অনুষ্ঠান

ভিডিওটি ভাইরাল হতেই যেমনটা আশা করা গিয়েছিল, ঠিক তেমনটাই হল। নেটিজেনদের একাংশ এই সাহসী লুক দেখে ভুরু কুঁচকেছেন। কাঞ্চনার এই বোল্ড অবতার মেনে নিতে পারেননি অনেকেই। নেতিবাচক মন্তব্য ও ট্রোলে উপচে পড়ছে কমেন্ট বক্স। কেউ মন্তব্য করেছেন, “বুড়ো বয়সে এসব কী ভীমরতি!” আবার কারও প্রশ্ন, “এই বয়সে এসে এমন সস্তা পাবলিসিটি পাওয়ার কী দরকার ছিল?” অনেকেই আবার অভিনেত্রীকে তাঁর ‘বয়স অনুপাতে রুচিশীল’ পোশাক পরার জ্ঞান দিতেও ছাড়েননি।

আরও পড়ুন: রক্তদানের ‘সেঞ্চুরি’! ৩৫ বছর ধরে মানুষের প্রাণ বাঁচিয়ে পুরস্কৃত কেতুগ্রামের তরুণ

তবে শুধু তো সমালোচনা নয়, কাঞ্চনার এই সাবেকি ও সাহসী রূপের প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুগামীরা। ট্রোলারদের যোগ্য জবাব দিয়ে ভক্তদের দাবি, ব্লাউজ ছাড়া শাড়ি পরা বাঙালি ঐতিহ্যেরই অংশ, যা প্রাচীন বাংলায় অত্যন্ত স্বাভাবিক ছিল। একজন প্রকৃত শিল্পীর কাছে তাঁর সৌন্দর্য এবং এক্সপ্রেশনই আসল, সেখানে বয়স বা পোশাকের মাপকাঠি টানা অনুচিত।

নেটপাড়ার যাবতীয় সমালোচনা ও ট্রোলকে বুড়ো আঙুল দেখিয়ে কাঞ্চনা মৈত্র কিন্তু তাঁর এই ‘মোহমায়া’ লুক দিয়ে এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম ‘হট টপিক’।