ভূমির সৌমিত্র রায়ের (Soumitra Ray) গান মানেই জমজমাট হৈ হুল্লোড়- প্রাণে দোলা। দেশের মতো বিদেশের মাটিতেও সৌমিত্রর গান নিয়ে উন্মাদনা ছড়ায়। এবারে তাঁর কানাডা (Canada) সফরও তার ব্যতিক্রম নয়। সেখানেও একের পর এক শো করছেন সৌমিত্র। আর সব জায়গাতেই প্রবাসী বাঙালিরা ভাসছেন আবেগ আর নস্টালজিয়ায়।

ইতিমধ্যেই কানাডার কিচেনার ও পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় শো করে ফেলেছেন সৌমিত্র। কেমন হল সেই অনুষ্ঠান? ‘বিশ্ব বাংলা সংবাদ’কে সঙ্গীতশিল্পী জানালেন, “জমে দই”। অর্থাৎ জমজমাট শো হয়েছে। না যাম না যাম, বারান্দায় রোদ্দুর, দুষ্ট হাওয়া, পূব আকাশ- বিভিন্ন গান পরিবেশন করেছেন সৌমিত্র। আর সঙ্গে জমিয়ে নেচেছেন প্রবাসীরা।

তাহলে কি প্রবাসে শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো (Durga Pujo)? শুরু! সৌমিত্র জানালেন, রবিবার একজায়গা বিসর্জনও দেখেছেন তিনি। বিদেশে দুর্গাপুজোয় ছুটি নেই। তাই উইকএন্ডে অনুষ্ঠান হল ফাঁকা পেয়ে পুজো করেন বাঙালিরা। কিন্তু বছরে একবারই প্রাণের পুজো- তা কি ছাড়া যায়! আর বাংলা দুর্গোৎসবের মতো পুজোর সঙ্গে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রতিবছরই বিশ্বের নানা প্রান্তে এই দুর্গাপুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ পান ভূমির সৌমিত্র। কত বছর ধরে যে যাচ্ছেন, নিজেই মনে করতে পারলেন না। 


বাঙালির দুর্গাপুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত খাওয়া দেওয়া। প্রবাসে তার বন্দোবস্ত কী? সৌমিত্র জানালেন, ভুরিভোজ চলে সেখানে। 
আরও পড়ুন: রক্তদানের ‘সেঞ্চুরি’! ৩৫ বছর ধরে মানুষের প্রাণ বাঁচিয়ে পুরস্কৃত কেতুগ্রামের তরুণ

সাতাশ তারিখ কলকাতা ফিরছেন সঙ্গীতশিল্পী (Singer)। ততদিন কলকাতায় লক্ষ্মীপুজোও শেষ। দুর্গাপুজোয় বিদেশে, কলকাতার পুজো মিস করেন না? সৌমিত্র জানালেন, একেবারেই না। কলকাতার পুজোর ভিড় তাঁর একেবারে নাপসন্দ। তবে, মালদহের হরিশ্চন্দ্রপুরে দেশের বাড়ির পুজো মিস করেন। তবে, এখন কানাডার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান বাকি- সেই নিয়েই পরিকল্পনা চলেছে শিল্পীর। সেই কারণে, “না ঘরে যামু না আমি- শো না কইরা!”