নভেম্বরের শুরু থেকেই কিউয়ি সফর ভারতীয় দলের। কিন্তু এখনও দল নির্বাচন হয়নি। প্রথমে সীমিত ওভারের সিরিজ তার পর টেস্ট সিরিজ। কেন ভারতীয় দল নির্বাচন বার বার পিছিয়ে যাচ্ছে ? নেপথ্যে রয়েছে তিন ক্রিকেটারের ফিট হওয়ার অপেক্ষা। প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা ও ঋষভ পন্থের ফিটনেস আপডেট না পাওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন না নির্বাচকরা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে চোট পান প্রসিদ্ধ, ইরানে কাপে খেলার সময় সাইড স্ট্রেনের সমস্যায় পড়েন ঋষভ পন্থ। গত জুন মাস থেকে চোটের কবলে আছেন। তাঁর ফিট সার্টিফিকেট পাওয়ার অপেক্ষাতে আছে বোর্ড। চূড়ান্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে চাইছেন না নির্বাচকরা। এর আগে বুমরাহকে নিয়ে বিড়ম্বনায় পড়েছিল বোর্ড।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম কে বোর্ডের এক সূত্র বলেছেন, “পন্থ ও প্রসিদ্ধ, দু’জনের চোটই খুব একটা গুরুতর মনে হচ্ছে না। তবে বোর্ড কোনও ঝুঁকি নিতে রাজি নয়। তাই দু’জনকেই তিন সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছিল। অন্যদিকে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট, হর্ষিতকে দুই ফরম্যাটে খেলাতে আগ্রহী। আট নম্বরে ব্যাটিং করার জন্য বোলিং অলরাউন্ডার হিসেবে হর্ষিতকে ভাবা হচ্ছে।” ফলে কিছুটা সময় নিয়েই দল গঠন করতে চাইছে বোর্ড। আকাশদীপ সুযোগ পেতে পারেন।
১৫ নভেম্বর পর্যন্ত টি২০ ও একদিনের সিরিজ চলবে। তার চার দিন পর শুরু হবে টেস্ট সিরিজ। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ কয়েকটি একদিনের সিরিজের ম্যাচে ভারতীয় দলের নেতৃত্বে বদল হতে পারে।
বর্তমানে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বড় ইস্য়ু। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের এবং টেস্ট উভয় সিরিজেই অধিনায়ক শুভমান গিল। তিনি বারবার বলেছেন, টেস্ট শুরুর আগে পর্যাপ্ত সময় দরকার। তাই কিউয়িদের বিরুদ্ধে শেষ দুটি একদিনের ম্যাচে সম্ভবত খেলবেন না গিল। টেস্টের প্রস্তুতির জন্য শুভমানকে আগেই একদিনের দল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। শেষ কয়েকটি ম্যাচে ভারতীয় দলকে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন শ্রেয়স আইয়ার।
শুধু গিল নয়, শেষ দুটি একদিনের ম্যাচে কেএল রাহুল, নীতিশ কুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণ, জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ নাও খেলতে পারেন। কারণ, এঁরা একদিনের ও টেস্ট, উভয় স্কোয়াডেই থাকতে পারেন। টেস্টের আগে কোনও প্রস্তুতি ম্যাচ না থাকা চিন্তা আরও বাড়িয়েছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের।















