পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের জামা খুলিয়ে, কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠল বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হুগলির জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রাজবলহাট এলাকায়। আক্রান্ত তৃণমূল নেতার নাম বাবলু শীল। তিনি রাজবলহাট-১ পঞ্চায়েতের উপপ্রধান। এই ন্যক্কারজনক ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই প্রকাশ্যে এমন নিগ্রহ চালানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাবলু শীলকে ঘিরে ধরে মারধর শুরু করে একদল যুবক। অভিযোগ, মারধরের পর তাঁর গায়ের জামা জোর করে খুলে নেওয়া হয়। এর পর কোমরে দড়ি পরিয়ে খালি গায়েই এলাকার রাস্তায় টেনেহিঁচড়ে ঘোরানো হয় তাঁকে। প্রকাশ্য রাস্তায় পঞ্চায়েত কর্তাকে দড়ি বেঁধে ঘোরানোর দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে পড়েন গ্রামবাসীরা। অনেকেই সেই ঘটনার ভিডিও রেকর্ড করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জাঙ্গিপাড়া থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে শেষমেশ নিগ্রহের হাত থেকে মুক্ত হন তৃণমূল উপপ্রধান।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাবলু জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁর উপর এই বর্বর হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, এর পিছনে স্পষ্ট পরিকল্পনা ছিল এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই প্রকাশ্যে তাঁকে এ ভাবে অপদস্থ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জাঙ্গিপাড়া থানার পুলিশ।