দীর্ঘ পাঁচ মাসের অচলাবস্থা কাটিয়ে উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলা পরিষদে নতুন সভাধিপতি নির্বাচিত হলেন কৃষ্ণা সিংহ রায়। পুজোর মুখে জেলা পরিষদের (District Council) শীর্ষ পদে নতুন নেতৃত্ব এল। তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী কৃষ্ণা সিংহ রায়ের পক্ষে ২৪ জন সদস্য সমর্থন জানিয়েছেন বলে দলীয় সূত্রে খবর।

এই নির্বাচনের মধ্য দিয়ে জেলা পরিষদের প্রশাসনিক কাজকর্মে গতি ফেরার আশা করছেন সংশ্লিষ্ট মহল। প্রায় পাঁচ মাস আগে তৎকালীন সভাধিপতি পম্পা পাল শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার পর থেকেই জেলা পরিষদের সভাধিপতির পদটি শূন্য ছিল। দীর্ঘদিন ধরে এই পদে স্থায়ী নেতৃত্ব না থাকায় জেলার উন্নয়নমূলক কাজকর্মের গতি নিয়েও প্রশ্ন উঠেছিল। অবশেষে নতুন সভাধিপতি নির্বাচনের মধ্য দিয়ে সেই অচলাবস্থা কাটল।

আরও পড়ুন: পুরুলিয়ায় মাওবাদী ডেরায় অস্ত্র  ভাণ্ডারের হদিস, বড়সড় সাফল্য পুলিশের

জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল জানিয়েছেন, ২৪ জন সদস্যের অংশগ্রহণে এবং সরকারি নিয়ম মেনেই নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে কৃষ্ণা সিংহ রায় জেলাবাসীকে প্রণাম ও শুভেচ্ছা জানিয়েছেন। ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন জানিয়েছেন, দলের সদস্যদের সঙ্গে আলোচনা করেই নতুন সভাধিপতি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাত পর্যন্ত সদস্যদের সঙ্গে আলোচনা চলে। শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজে নির্বাচনের দিন জেলা পরিষদে উপস্থিত থাকতে পারেননি বলেও জানান বিধায়ক। উত্তর দিনাজপুর জেলা পরিষদের এই নেতৃত্ব বদলকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।