লক্ষ্য রাজ্যে লগ্নি। নতুন শিল্প বিনিয়োগ টানতে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। সোমবার, নেদারল্যান্ডসের (Netherlands) রাষ্ট্রদূত মারিসা গেরার্ডসের সঙ্গে বৈঠক করেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। বৈঠকে ভারতে ইতিমধ্যেই ব্যবসা করছে এমন ডাচ সংস্থাগুলির পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ইউনাইটেড ব্রিউয়ারিজ, সলিডারিদাদ, এনএক্সপি সেমিকন্ডাক্টরস, র‌্যান্ডস্ট্যাড ইন্ডিয়া, হ্যাসকোনিং, পিটারসন সলিউশনস এবং নুবক্সড টেকনোলজি বিভি-সহ সাতটি ডাচ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্তও।

শিল্পমন্ত্রী জানান, নেদারল্যান্ডসের আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সেই দেশের সংস্থাগুলির পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যের শিল্পনীতি, কর ছাড় এবং বিনিয়োগ-বান্ধব পরিবেশ সম্পর্কেও জানতে চান ডাচ সংস্থাগুলির প্রতিনিধিরা। 
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ, ১৯টি ডিপিএসসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ রাজ্যের

রাজ্য সরকারের আশা, এই বৈঠকের মাধ্যমে নেদারল্যান্ডসের সংস্থাগুলির সঙ্গে শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে এবং পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।