ভারতের ইতিহাসে এমন এসআইআর আগে কখনও হয়নি! বাংলায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে বেআইনি পদ্ধতি অনুসরণ করা হয়েছে। ভোটাধিকার রক্ষার দাবিতে মঙ্গলবার নাগরিক কনভেনশন থেকে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার অশোক লাভাসা (Ashok Lavasa)। তাঁর নিশানায় নির্বাচন কমিশন এবং কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। একই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) আক্রমণ করলেন পরিচালক প্রকাশ রাজও (Prakash Raj)। তাঁর অভিযোগ, নিজেদের রাজনৈতিক স্বার্থে জ্ঞানেশ কুমারকে ব্যবহার করেছেন মোদি-শাহ।

আরও পড়ুন: চকবাজারে ফের অগ্নিকাণ্ড: ভস্মীভূত কোটি টাকার পণ্য, সর্বস্বান্ত হওয়ার পথে ব্যবসায়ীরা

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে বিতর্কের মধ্যেই মঙ্গলবার এই নাগরিক কনভেনশনের আয়োজন করা হয়। কনভেনশনের ডাক দেন বিকাশরঞ্জন ভট্টাচার্য ও জহর সরকার। সেখানে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার অশোক লাভাসা এবং পরিচালক প্রকাশ রাজ।

আরও পড়ুন: বিরোধীদের বিক্ষোভের মাঝেই আচমকাই পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রীর

অশোকের অভিযোগ, নির্বাচন কমিশনের মূল দায়িত্ব নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। কিন্তু জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে উঠছে ঠিক উল্টো কাজ করার অভিযোগ। তাঁর দাবি, নানা অজুহাতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াই কমিশনের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছিল।

দেশের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেনের প্রসঙ্গও তুলে ধরেন লাভাসা। তিনি বলেন, দেশের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন বাঙালি সুকুমার সেন। তিনি গোটা দেশ ঘুরে নিশ্চিত করার চেষ্টা করেছিলেন, প্রত্যেক নাগরিক ভোটাধিকার পেয়েছেন কি না। অথচ বর্তমান কমিশনের বিরুদ্ধে অভিযোগ, ভোটার তালিকা থেকে যত বেশি সম্ভব নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে।

অন্যদিকে, ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহকে সরাসরি আক্রমণ করেন পরিচালক প্রকাশ রাজ। তাঁর অভিযোগ, রাজনৈতিক বিরোধীদের দল ভাঙিয়ে নেতা নিজেদের দিকে টানার কৌশল নিয়েছিল বিজেপি। সেই পথে ভোটে জেতার চেষ্টা করার পর এসআইআরকেও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রকাশ রাজের দাবি, মোদি ও শাহ নিজেদের উদ্দেশ্য পূরণে জ্ঞানেশ কুমারকে ব্যবহার করেছেন।