রক্তদানের মতো সমাজকল্যাণমূলক কাজে অংশ নিয়ে এক বিরল দৃষ্টান্ত তৈরি হল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার সকালে আদালত চত্বরে রক্তদান সেরে নির্ধারিত সময়েই এজলাসে বসে বিচারপ্রক্রিয়ার কাজ শুরু করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাই। বিচারপতির গুরুদায়িত্ব সামলানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে তাঁদের এই ভূমিকা আদালত মহলে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

হাইকোর্টের ক্লার্কদের সংগঠনের উদ্যোগে এবং সেনা কমান্ড হাসপাতালের সক্রিয় সহযোগিতায় হাইকোর্টের মেডিক্যাল সেন্টারে এই বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরের সূচনায় প্রথম রক্তদাতা হিসেবে এগিয়ে আসেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। তাঁকে অনুসরণ করে রক্ত দেন বিচারপতি ওম নারায়ণ রাই, বিচারপতি অনুজ সিং এবং বিচারপতি রিশাদ মেধোরা। উদ্যোক্তাদের পাশাপাশি এই প্রক্রিয়ায় সহায়তা করতে উপস্থিত ছিলেন কমান্ড হাসপাতালের সেনাকর্মীরাও।

সংগঠন সূত্রে জানা গিয়েছে, এ দিনের শিবিরে সব মিলিয়ে মোট ৫৩ জন রক্তদান করেছেন। রক্তদান পর্ব শেষ করেই দেরি না করে নিজেদের ডিভিশন বেঞ্চে ওঠেন প্রধান বিচারপতি ও বিচারপতি রাই। সাধারণ মানুষের অধিকার রক্ষার পাশাপাশি জীবন রক্ষার এই মানবিক উদ্যোগে বিচারালয়ের শীর্ষ আধিকারিকদের এমন সরাসরি অংশগ্রহণ নজিরবিহীন বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ।