গভীর রাতে বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড! আগুন ও ধোঁয়ায় আতঙ্ক ছড়াল মহারাষ্ট্রের পালঘর জেলার নালাসোপারা-ভাসাই লিঙ্ক রোড সংলগ্ন এলাকায়। ইম্পিরিয়াল হাইটস নামে একটি বহুতল আবাসনে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলার। গুরুতর অসুস্থ অবস্থায় আরও ছয় জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ আবাসনটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে বহুতলের ভিতরে ছড়িয়ে পড়ে ধোঁয়া। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ। দমকলের তৎপরতায় আবাসন থেকে মোট ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়। তবে শেষরক্ষা হয়নি দুই মহিলার।

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ফাল্গুনি শা (৫০) এবং অশ্বিনী পারকার (৫০)। প্রাথমিক তদন্তে অনুমান, আগুনের জেরে বহুতলে ছড়িয়ে পড়া ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই তাঁদের মৃত্যু হয়েছে। অসুস্থ ছয় জনের চিকিৎসা চলছে হাসপাতালে। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বাভাবিকভাবেই মাঝরাতে বহুতলে আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। উদ্ধার হওয়া বাসিন্দাদের নিরাপত্তা এবং অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।