প্রকাশ্যে গুলি করে মাদকবিরোধী কর্মী পরবিন্দর সিং ঝোটাকে (Anti-drug activist Parvinder Singh Jhota) খুনের অভিযোগে গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে। বুধবার রাজস্থানের সালাসার থেকে অশ্বনী কুমার (Ashwani Kumar) নামে ওই মেডিক্যাল স্টোরের মালিককে গ্রেফতার করেছে পঞ্জাব ও রাজস্থান পুলিশ (Punjab and Rajasthan Police)। মঙ্গলবার পঞ্জাবের মানসা জেলায় ঝোটাকে গুলি করে খুনের পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। এর আগে তাঁকে পালাতে সাহায্য করার অভিযোগে এক সহযোগীকেও গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: কলকাতায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ! STF-এর অভিযানে উদ্ধার ৪ বন্দুক

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার একটি মেডিক্যাল স্টোরের সামনে মাদক বিক্রির অভিযোগ নিয়ে অশ্বনী কুমারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ঝোটা। তাঁর অভিযোগ ছিল, এক প্রবীণ ব্যক্তির কাছে ওই দোকান থেকে নেশাজাতীয় ওষুধ বিক্রি করা হয়েছে। সেই ঘটনার সময় ফেসবুকে লাইভ করছিলেন তিনি। প্রায় পাঁচ মিনিটের ভিডিয়োতে দেখা যায়, দোকানের মালিকের সঙ্গে ঝোটার তর্কাতর্কি চলছে। একপর্যায়ে দোকানমালিকের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। এরপরই গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে ঝোটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)

আরও পড়ুন: বাংলার যোগ! অবসরপ্রাপ্ত বিজ্ঞানীর ১.২৫ কোটি লুট, গ্রেফতার ১১

দীর্ঘদিন ধরেই পঞ্জাবের মানসা ও আশপাশের এলাকায় মাদকাসক্তি এবং মেডিক্যাল স্টোরের মাধ্যমে বেআইনি নেশাজাতীয় পদার্থ বিক্রির অভিযোগের বিরুদ্ধে সরব ছিলেন ঝোটা। সোশ্যাল মিডিয়ায় তাঁর অভিযানের ভিডিয়ো রীতিমত ভাইরাল হত। উল্লেখযোগ্যভাবে, অশ্বনী কুমারের সঙ্গে ঝোটার বিবাদ নতুন নয়। ২০২৩ সালেও ওই মেডিক্যাল স্টোরের মালিকের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ তুলে প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন ঝোটা। সেই পুরনো সংঘাতের পরিণতিতেই কী এই খুন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঝোটার মৃত্যু ঘিরে পঞ্জাবে মাদকবিরোধী অভিযান এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের একাংশ রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে, খুনের ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।