জেলা থেকে শহর সর্বত্র পূজো উদ্বোধন শুরু হয়ে গিয়েছে, মন্ডপে মন্ডপে পৌঁছে যাচ্ছে মাতৃ প্রতিমা। এসবের মাঝেই দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, বুধবার সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে জেলায় জেলায়। তবে তা খুব একটা চিন্তার কারণ হবে না। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পঞ্চমী থেকে প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টি বাড়বে রাজ্যে।
বর্ষার বিদায় পর্ব চলছে ঠিকই কিন্তু তাই বলে বৃষ্টিহীন পুজোর বাংলার আশা করা যাচ্ছে না। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যার সীমিত প্রভাব পড়বে বাংলায়। বুধবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের দিকে মেঘের দেখা মিলবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে দিনভর।
উত্তরবঙ্গে বুধ ও বৃহস্পতিবার খুব একটা বেশি বৃষ্টি হবে না। তবে শুক্র ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টি বাড়বে।















