শনিবার রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির তীব্রতা বাড়বে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। আজ উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। 

হাওয়া অফিস জানিয়েছে, রাজ্য জুড়ে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আজ কম বেশি বৃষ্টি চলবে।পশ্চিমবঙ্গ উপকূল ও উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে হাওয়ার পূর্বাভাস রয়েছে। সমুদ্র উত্তল থাকার সম্ভাবনার কারণেই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। 

উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাব শনিবার বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টি কমবে। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে ৷