পশ্চিমবঙ্গের আনাচে-কানাচে ছড়িয়েছে জঙ্গি মডিউল! সীমান্ত পেরিয়ে এ রাজ্যে আনাগোনা বাড়ছে সন্ত্রাসীদের।এবার বাংলাদেশের সংগঠন জামাত উল মুজাহিদিনের সক্রিয় সদস্যদের খোঁজে মঙ্গলবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ (NIA)। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ মিলিয়ে এখনও পর্যন্ত পাঁচ জায়গায় কেন্দ্রীয় গোয়েন্দারা হানা দিয়েছেন বলে খবর মিলেছে। তালিকায় রয়েছে কলকাতাও।

পূর্ব বর্ধমান, হরিরামপুর, ডায়মন্ড হারবার, কলকাতার বিভিন্ন প্রান্তে তল্লাশি শুরু হয়েছে। অসমের IMK জঙ্গি সংক্রান্ত মামলায় এই তল্লাশি জাতীয় তদন্তকারী সংস্থার। জানা গিয়েছে পশ্চিমবঙ্গ ছাড়াও অসমের দশটি জায়গা এবং কেরালায় একটি জায়গা মিলিয়ে মোট ১৬টি স্থানে তল্লাশি চালানো হয়। জামাতের কোনও নতুন মডিউল বা আন্তঃসীমান্ত জঙ্গি যোগাযোগের হদিশ পেতেই এই অভিযান বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে।

এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ বংশীহারি থানার কুশকারি মান্ডিহার গ্রামে কৃষক মিজানুর রহমানের বাড়িতে পৌঁছে যায় NIA-র চার সদস্যের প্রতিনিধি দল। ঘটনাস্থলে রয়েছেন গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও বংশীহারি থানার পুলিশ আধিকারিকরাও। কী কারণে এই হানা বা তল্লাশি অভিযান এখনও স্পষ্ট নয়। এলাকার মানুষের মধ্যে কৌতুহল বাড়ছে।