রবিবার বিকেলে বড়সড় রেল দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। জানা গিয়েছে এদিন চারটে নাগাদ ওড়িশা থেকে খড়গপুরের দিকে যাওয়ার ডাউন লাইনে আচমকাই ঘটে এই দুর্ঘটনা। বিকেল চারটে নাগাদ নারায়ণগড় থানার রামপুরা এলাকায় লাইনচ্যুত হয়ে পড়ল একটি কয়লাবোঝাই মালগাড়ি। হতাহতের কোনও খবর মেলেনি।

জানা গিয়েছে, দুর্ঘটনায় মালগাড়িটির মোট চারটি বগি লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে দু’টি বগি রেললাইন থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। ফলে ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে কয়লা। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। শুরু হয় পরিস্থিতি সামাল দেওয়ার কাজ। মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ওই রুটে রেল চলাচলও ব্যাহত হয়েছে। একইসঙ্গে কী কারণে মালগাড়িটি লাইনচ্যুত হল, তা জানতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনও স্পষ্ট নয়। রেল আধিকারিকদের প্রাথমিক কাজ শেষ হলে দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সামনে আসবে বলে দাবি রেল কর্তৃপক্ষের।