কসবার নামী শপিং মলের প্রেক্ষাগৃহে তরুণী নিগ্রহের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খাস কলকাতার বুকে অভিজাত পাঁচতারা হোটেলের ডিস্কোতে তরুণীকে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ উঠল। শনিবার রাতে ই এম বাইপাস সংলগ্ন জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলের ডিস্কোয় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে বেনিয়াপুকুরের বাসিন্দা মহম্মদ রফি আজিম নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে বন্ধুদের সঙ্গে ওই পাঁচতারা হোটেলের ডিস্কোতে সময় কাটাতে গিয়েছিলেন নিউ আলিপুরের বাসিন্দা এক তরুণী। অভিযোগ, গভীর রাতে ডিস্কোর ভিড়ের মধ্যে তাঁর সঙ্গে অশালীন ও আপত্তিকর আচরণ করতে শুরু করে অভিযুক্ত যুবক। তরুণী এর প্রতিবাদ জানালে দুজনের মধ্যে তীব্র বচসা ও ধাক্কাধাক্কি বাধে। অভিযোগ, নিজেকে বাঁচাতে গেলে তরুণীকে মারধর করা হয় এবং প্রকাশ্যেই তাঁর শ্লীলতাহানি করা হয়। ঘটনার আকস্মিকতায় শোরগোল পড়ে যায় ডিস্কো চত্বরে। তড়িঘড়ি ১০০ ডায়াল করে লালবাজার কন্ট্রোল রুমে যোগাযোগ করা হলে ঘটনাস্থলে পৌঁছায় প্রগতি ময়দান থানার টহলদারি পুলিশ। রাতে নির্যাতিতার বিস্তারিত বয়ান নথিভুক্ত করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। এর পর রবিবার দুপুরে অভিযান চালিয়ে পাকড়াও করা হয় অভিযুক্ত রফিকে।ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে হোটেলের ভেতরের সেই রাতের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সে সময়ে হোটেলের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে কারা ছিলেন এবং নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতে এমন কাণ্ড কীভাবে ঘটল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।