তিস্তা-সহ উত্তরবঙ্গের পাহাড় থেকে নেমে আসা নদীগুলির ক্রমবর্ধমান বন্যা, ভাঙন এবং প্রাকৃতিক বিপর্যয়া মোকাবিলায় বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত পাহাড় বিশেষজ্ঞ একলব্য শর্মার নেতৃত্বে গঠিত ওই কমিটি দীর্ঘমেয়াদি সমাধানের রূপরেখা তৈরির কাজ করবে।
কমিটিতে দার্জিলিং ও কালিম্পংয়ের জেলাশাসকদের পাশাপাশি খড়্গপুর আইআইটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-সহ একাধিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের রাখা হয়েছে। পাহাড়ি নদীর গতিপ্রকৃতি, ক্ষয়, ভূমিধস এবং বন্যার ঝুঁকি খতিয়ে দেখে সুপারিশ জমা দেবে কমিটি।
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানান, পাহাড়ি নদীগুলির বন্যা পরিস্থিতি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তাঁর কথায়, "মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলাম। তিনি ব্যবস্থা নিয়েছেন।" প্রশাসনের আশা, বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বন্যা ও বিপর্যয় মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে।
















