তামিলনাড়ুর (Tamil Nadu) গণ্ডি পেরিয়ে বাংলাতেও সংগঠন বিস্তারে পা রাখল তামিল অভিনেতা তথা তামিলাগা ভেত্রি কাজাঘমের (TVK) প্রধান সি জোসেফ বিজয়ের (C. Joseph Vijay) দল। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ফাগুপুরে দলীয় কার্যালয় খুলে পশ্চিমবঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে বলে দাবি TVK নেতৃত্বের। তবে আপাতত সরাসরি রাজনৈতিক কর্মসূচির বদলে সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের রাজ্য নেতৃত্ব।
আরও পড়ুন: হোল্ডিং সেন্টার থেকে পলাতক 'রোহিঙ্গা', খুঁজে দিল বন দফতরের সারমেয়
TVK সূত্রে দাবি, তামিলনাড়ু (Tamil Nadu) থেকে সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে, যে সব রাজ্যে দলের সাংগঠনিক পরিকাঠামো তৈরি হচ্ছে, সেখানে প্রথমে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। সেই নির্দেশ মেনেই বাংলাতেও সংগঠন বিস্তারের প্রাথমিক পর্যায়ে সমাজসেবামূলক কাজের উপর জোর দেওয়া হচ্ছে। ফাগুপুরে কার্যালয় উদ্বোধনের পর TVK-এর রাজ্য কো-অর্ডিনেটর চৈতালি রায় জানান, “শুরুতে সামাজিক যোগাযোগ এবং সমাজমাধ্যমকেন্দ্রিক প্রচারের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁদের সমস্যা, চাহিদা এবং অসুবিধার কথা শোনা হবে। শিক্ষা এবং কর্মসংস্থানকে দলের অগ্রাধিকারের বিষয়গুলিও তুলে ধরা হবে।”
চৈতালির বক্তব্য, বাংলায় সংগঠন শক্তিশালী হলে ভবিষ্যতে নির্বাচনে লড়াইয়ের বিষয়টিও বিবেচনা করা হতে পারে। তবে সেই সিদ্ধান্ত মানুষের চাহিদা এবং দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলেই জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে TVK-এর সংগঠন তৈরির কাজ শুরু হতেই স্বাভাবিক ভাবেই উঠছে আর একটি প্রশ্ন—দলের প্রধান বিজয় কি এবার বাংলায় আসবেন? এ বিষয়ে চৈতালি রায়ের বক্তব্য, বাংলায় যদি TVK-কে সফল ভাবে প্রতিষ্ঠা করা যায়, তা হলে দলের সুপ্রিমো বিজয়ের রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত সংগঠন তৈরিই দলের মূল লক্ষ্য। স্থানীয় স্তরে মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করে ধীরে ধীরে সংগঠনের পরিধি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতৃত্ব।
উল্লেখ্য, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে (Tamil Nadu Assembly Election) প্রথম বার লড়েই TVK ১০৮টি আসন জেতে এবং ২৩৪ আসনের বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। পরে কংগ্রেস-সহ একাধিক দলের সমর্থনে বিজয়ের নেতৃত্বাধীন জোট সরকার গঠন করে। ১০ মে ২০২৬ বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Tamil Nadu Chief Minister) হিসেবে শপথ নেন। ফলে দক্ষিণ ভারতের রাজনীতিতে TVK-এর উত্থানের পর এ বার অন্য রাজ্যেও সংগঠন বিস্তারের উদ্যোগ দেখা যাচ্ছে। সেই পর্বেই পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমানের ফাগুপুরে কার্যালয় খোলার মাধ্যমে বাংলায় TVK-এর সাংগঠনিক পথচলা শুরু হয়েছে বলে দাবি দলের। আপাতত সামাজিক কাজের মাধ্যমেই মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্য। ভবিষ্যতে সেই সংগঠন রাজনৈতিক পরিসরে কতটা সক্রিয় হয়, নজর থাকবে সে দিকেই।
















