পূর্ব ঘোষণা মতোই রাজ্যের শিক্ষার্থীদের হাতে এবার পশ্চিমবঙ্গ সরকারের (Govt of West Bengal) তরফ থেকে তুলে দেওয়া হবে 'সারথি' সাইকেল। মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরি হাইস্কুল থেকে এই প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর 'সবুজসাথী' প্রকল্পের সাইকেল নাম বদলে হয়েছে 'সারথি' প্রকল্প, পাশাপাশি এই দুই চাকার রং পরিবর্তিত হয়ে কমলা বা গেরুয়া হবে বলে আগেই জানা গিয়েছিল। এবার সেই মতো এবার নতুন কমলা রঙের সাইকেল পাবেন ছাত্ররা। হাওড়ার সংশ্লিষ্ট স্কুলে মুখ্যমন্ত্রীর কর্মসূচির কারণে সকাল থেকে শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে রাজ্যের পড়ুয়াদের সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হত যাতে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসা করতে কোন সমস্যা না হয় এবং তাঁরা শিক্ষাঙ্গনে আসার উৎসাহ পায়। বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসতে অনেকেই বলেছিলেন তৃণমূল আমলের প্রকল্প বন্ধ হতে চলেছে। কিন্তু মুখ্যমন্ত্রী জানান, জনহিতকর প্রকল্প বন্ধ হবে না। তবে 'সবুজসাথী'র নাম বদলে 'সারথি' প্রকল্প হবে বলে তিনি ঘোষণা করেন। এবার পালাবদলের বাংলায় নতুন সরকারের পাঁচ মাস হওয়ার আগেই এই প্রকল্প চালু করতে চলেছেন শুভেন্দু। প্রায় ১৪০ বছরের প্রাচীন হাওড়ার ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরি হাইস্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আসার খবরে সকলেই উৎসাহিত। এই স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এবং পড়ুয়া সংখ্যা প্রায় ১২০০। সোমবারের মধ্যেই স্কুল প্রাঙ্গণে নতুন সাইকেল পৌঁছে গিয়েছে। যেহেতু রাজ্যের প্রশাসনিক প্রধান যাবেন তাই স্কুলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুজোর ভুয়ো পাস বিক্রির অভিযোগে ইন্দ্রনীলের বাড়িতে ED হানা!

সূত্রের খবর এদিন সাইকেল বিতরণের পর স্কুলের পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারবেন মুখ্যমন্ত্রী। আড়াই লক্ষ টাকা খরচ করে স্কুলে আশ্রমের আদলে একটি সুন্দর মিড ডে মিল খাওয়ানোর ঘর তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। এই ঘরে ৫০ জনের একসঙ্গে খাওয়ার ব্যবস্থা রয়েছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেকদিন প্রায় ৪০০ জন ছাত্র বসে ও দাঁড়িয়ে খেতে পারে। দেওয়ালে টাঙানো হয়েছে একাধিক মনীষীর ছবি। আজ দুপুরে পড়ুয়াদের সঙ্গে সেখানেই মুখ্যমন্ত্রী আহার করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।