মঙ্গলবার সাতসকালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) কসবার বাড়িতে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, 'দুর্গাপুজোর পাস' বিক্রি করার নামে দুর্নীতির অভিযোগে চলছে তল্লাশি। প্রাথমিকভাবে জানা গিয়েছে এদিন হিন্দুস্তান পার্ক, হাইল্যান্ড পার্ক-সহ কলকাতার মোট ১০ জায়গায় একসঙ্গে হানা দিয়েছেন ED আধিকারিকরা।
কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা গিয়েছে, কলকাতার দুর্গাপুজোয় পরিক্রমার নামে ভুয়ো পাস বিক্রি করে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগের তদন্তেই আজ এই অভিযান। চলতি বছর গত জুন মাসে বউবাজার কলকাতার বউবাজার থানায় ইন্দ্রনীল, তাঁর স্ত্রী মধুছন্দা সেন এবং ‘মাস আর্ট’ নামে এক সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পরে কলকাতার দুর্গাপুজোর প্রচারের ক্ষেত্রে নিজেদের ইউনেস্কোর ‘অফিশিয়াল পার্টনার’ বলে দাবি করে ইউনেস্কোর নাম, লোগো ইত্যাদিও অনুমতি ছাড়া ব্যবহার করেছিল বলে অভিযোগ উঠেছে প্রাক্তন মন্ত্রীর স্ত্রীর সংস্থার বিরুদ্ধে। ‘মাস আর্ট’ কোম্পানি নাকি চড়া দামে কলকাতার হেভিওয়েট দুর্গাপুজোর প্রিভিউ পাস বিক্রি করার নামে দুর্নীতি করেছে। কেন্দ্রীয় এজেন্সি তদন্তে নেমে জানতে পারে ক্ষেত্রবিশেষে ১৭৪৯ টাকা থেকে ৫৪৯৯ টাকা পর্যন্ত দাম ধার্য করা হয়েছিল ভুয়ো পাসের।
ইন্দ্রনীলের স্ত্রীর সংস্থার বিরুদ্ধে আরও অভিযোগ, তারা দাবি করেছিল যে ইউনেস্কো যে ২৪ টি পুজোকে বাছাই করেছে তারা সেখানে পরিক্রমা ব্যবস্থা করে। এইজন্য ভিআইপি পাস কিনতে ২০২২ সালে প্রায় ১৯ হাজার জন, ২০২৩ সালে প্রায় ৩৪ হাজার জন এবং ২০২৪ সালে প্রায় ৬১ হাজার জন নাম রেজিস্ট্রেশন করেছিলেন। আজ কলকাতার যে দশ জায়গায় তল্লাশি চলছে সেই তালিকায় প্রাক্তন মন্ত্রীর একাধিক আত্মীয়র বাড়িও রয়েছে।
















