পানিহাটিতে বিজেপির বিড়ম্বনা ক্রমেই বাড়ছে। দলীয় কর্মসূচিতে উপেক্ষিত স্থানীয় বিধায়ক।  যা নিয়ে নতুন বিতর্ক। পানিহাটির বিধায়ক রত্না দেবনাথকে যথেষ্ট সম্মান জানানো হয়নি বলে অভিযোগ  তাঁর স্বামী শেখর দেবনাথের।  সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্যও।

 

শুক্রবার পানিহাটি স্পোর্টিং ক্লাবের মাঠে বিজেপির উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠান ছিল সেখানেই আমন্ত্রিত ছিলেন স্থানীয় বিধায়ক রত্না দেবনাথ, রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য ।এই অনুষ্ঠানে বিধায়ককে কোন পাত্তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন শেখর দেবনাথ। তাঁর কথায়, “একজন বিধায়ক এসেছেন অথচ তাঁকে কোন পাত্তাই দেওয়া হচ্ছে না। যারা এখানে এসেছেন তারা হয়তো মনে করছেন বিধায়ককে তাদের প্রয়োজন নেই। তারা নিজেদের মতো করে চলবেন। কিন্তু তারা বোঝেন না বিধায়কের দরজাটাই আসল দরজা। এটা সবাইকে মনে রাখতে হবে।”

 পানিহাটি ক্লাব পরিচালনা নিয়েও প্রশ্ন তুলেছে শেখর দেবনাথ। তাঁর কথায়, “কারা দায়িত্বে রয়েছে কখন কীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে তার খতিয়ে দিতে হবে, যেভাবে ক্লাবটি চালাচ্ছেন সেভাবে চলতে দেওয়া যাবে না। ”

যদিও স্বামীর অভিযোগের সঙ্গে পুরোপুরি সহমত নন বিধায়ক রত্না দেবনাথ। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “না, কোন অপমানিত হয়নি।”

শেখরের অভিযোগের সঙ্গে একমত নন উত্তর কলকাতার জেলা সভাপতি চণ্ডীচরণ রায়। তাঁর বক্তব্য, “আমি বিধায়কের সঙ্গেই ছিলাম কোন ক্ষোভ দেখিনি আমি যা দেখিনি তা নিয়ে মন্তব্য করব কেন?” একই সঙ্গে তিনি বলেছেন, “বিজেপিতে দরজা আলাদা কিছু হয় না আমরা সবাই একসঙ্গে মিলেই চলি।”