তৃণমূলের মিছিলের উপর বিজেপির হামলায় উত্তেজনা ছড়াল মুকুন্দপুরে (Mukandapur)। পার্টি অফিস দখল করার অভিযোগের প্রতিবাদে পথে নামেন মমতা তৃণমূলের (Mamata TMC) কর্মীরা। সেই মিছিলে বিজেপি (BJP) হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ (Police)। 

যাদবপুর ও তার সংলগ্ন এলাকায় তৃণমূলের (TMC) পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে মিছিল হয়েছিল। দখল পার্টি অফিস উদ্ধার হয়েছিল। মঙ্গলবার মুকুন্দপুরের ওই পার্টি অফিসের সামনে জড়ো হন মমতাপন্থী তৃণমূল কর্মীরা। প্রতিবাদ সভাও ছিল। সেখানেই ফের বিজেপির হামলার অভিযোগ ওঠে। পাল্টা প্রতিরোধ তৈরি হলে সংঘর্ষ শুরু হয়। তৃণমূলের মিছিল লক্ষ্য করে ছোড়া হয় ইট, ডিম। দুপক্ষের স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ধস্তাধস্তিতে জখম হন বেশ কয়েকজন। উপাসনার বাড়ি ও গাড়ি ভাঙা হয়েছে বলে অভিযোগ। আহত ধৃতিমান ও  তথাগত হাসপাতালে ভর্তি বলে তৃণমূল সূত্রে খবর।

মিছিলে উপস্থিত তৃণমূল যুবনেত্রী উপাসনা চৌধুরী (Upasana Chowdhury)। তাঁর অভিযোগ, মদ্যপ অবস্থায় তাঁদের মিছিলে হামলা চালিয়েছে বিজেপি কর্মীরা। দলের মহিলা কর্মীদের রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। ইট পাটকেল, ডিম ছোড়া হয়েছে। এমনকী লাঠি দিয়েও মারধর করা হয়েছে। হামলার ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন। পুলিশের উপস্থিতিতে তাঁদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ মমতা তৃণমূলের। কোনওরকম প্ররোচনা ছাড়াই এই ঘটনা ঘটানো হয়েছে।