মহালয়ার পরের দিন থেকে শুরু হয়েছে মাতৃপক্ষ, পাল্লা দিয়ে ভিড় বাড়ছে শহর কলকাতায়। দুর্গাপুজোর আমেজ আগের বারের থেকে একটু কম মনে হলেও কেনাকাটাতে বিন্দুমাত্র ঘাটতি নেই। আর তার জেরেই আয় বাড়লো কলকাতা মেট্রোর (Kolkata Metro)। অফিসিয়াল পূজোর সময় যত এগিয়ে আসছে ততই প্রতিদিন ৮ থেকে ১০ লক্ষ মানুষের যাতায়াত লক্ষ্য করা যাচ্ছে মেট্রোতে। ফলে যাত্রী সংখ্যার নিরিখে রেকর্ডও তৈরি হচ্ছে, পাশাপাশি বাড়ছে আয়। সোমবার মাতৃপক্ষের দ্বিতীয়া তিথিতে টিকিট বিক্রি থেকে একদিনে মেট্রোর আয় প্রায় ১ কোটি ৮৪ লক্ষ টাকা, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে কেনাকাটা করার জন্য নিউমার্কেট বা গড়িয়াহাট-হাতিবাগান চত্তরেরচত্বরের পাশাপাশি আজকাল বিভিন্ন শপিংমলেও মানুষ ভিড় জমান। সেক্ষেত্রে দ্রুত এবং আরামদায়ক যাত্রার মানেই মেট্রো সফর। আর এখন শহরের বিভিন্ন প্রান্তে পাতাল পরিষেবা চালু থাকায় সাধারণ মানুষের সুবিধা হয়েছে। যাত্রীসংখ্যার রেকর্ড বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে হাওড়া ময়দান- সল্টলেক রুটের গ্রিন লাইন মেট্রো। এই লাইনে একদিনে যাত্রীসংখ্যা পৌঁছেছে ৩ লক্ষ ১৩ হাজারে, যা সর্বকালীন রেকর্ড।পার্পল লাইনে যাত্রীসংখ্যা ১৩ হাজার এবং ইয়েলো লাইনে ১০ হাজারের গণ্ডি পেরিয়েছে। এছাড়া চেনা রুটের ব্লু লাইন মেট্রো তো রয়েইছে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, পুজোর সময় প্রচুর মানুষ কেনাকাটা করতে বেরোচ্ছেন। ফলে ভিড়ও উপচে পড়েছে। সোমবার অর্থাৎ ১২ অক্টোবর আয় ও যাত্রী সংখ্যার দিক থেকে সর্বকালীন রেকর্ড তৈরি হয়েছে।
এবারের পূজোয় সারারাত ব্যাপী পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ফলে আয় যে বাড়বে, তা বলাই বাহুল্য। ব্লু লাইনে পঞ্চমী ও ষষ্ঠীর দিন মোট ২৮৪টি ট্রেন চলবে, গ্রিন লাইনে মিলবে ২৪০ টি রেক। দক্ষিণেশ্বর - শহিদ ক্ষুদিরাম রুট (Blue Line) এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক রুটে (Green Line) সপ্তমীর দুদিন (শনি ও রবিবার), অষ্টমী (সোমবার)ও নবমীতে (মঙ্গলবার) রাতভর মেট্রো পরিষেবা মিলবে।















