কলকাতা মেট্রোয় (Kolkata Metro) আরও বেশি ট্রেন চালাতে গেলে চাই আরও চালক। পরিষেবার সময় বাড়ানো থেকে শুরু করে দুটি ট্রেনের মধ্যে ব্যবধান কমানো, যাত্রীদের সুবিধায় একাধিক পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের। কিন্তু চালকের অভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা তৈরি হচ্ছে। এবার সেই সঙ্কট কাটাতে বড় পদক্ষেপ নিল রেল বোর্ড। কলকাতা মেট্রোয় পর্যাপ্ত মোটরম্যানের ব্যবস্থা করতে পূর্ব রেল (Eastern Railway) ও দক্ষিণ-পূর্ব রেলকে (South Eastern Railway) প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মহারাষ্ট্রে ‘ওয়াটার কার্ফু’! নাগপুর ও পুণেতে প্রশাসনের নজিরবিহীন কঠোর বিধিনিষেধ
রেল বোর্ডের পরিসংখ্যান বলছে, কলকাতা মেট্রোয় মোটরম্যানের অনুমোদিত পদ রয়েছে ৩৯৬টি। কিন্তু বর্তমানে কর্মরত মাত্র ২৮২ জন। অর্থাৎ, ১১৪টি পদ ফাঁকা। শান্টারের ক্ষেত্রেও ছবিটা খুব একটা আলাদা নয়। ৩১টি অনুমোদিত পদের মধ্যে কাজ করছেন ২৪ জন। ফলে পরিষেবা বাড়ানোর পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় কর্মীর অভাব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: একাধিক দেশকে হুমকি দিয়ে নিজেই রাশিয়া থেকে তেল কিনে 'গলাবাজি' ট্রাম্পের!
গত ২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে রানিং স্টাফদের সংখ্যা ও প্রয়োজনীয়তা নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিল রেল বোর্ড। সেখানেই কলকাতা মেট্রোর কর্মী সঙ্কটের বিষয়টি উঠে আসে। বোর্ডের হিসাব অনুযায়ী, মেট্রোয় কর্মরত ৩০৬ জন রানিং স্টাফের মধ্যে ১৬৪ জন পূর্ব রেল এবং ৮০ জন দক্ষিণ-পূর্ব রেলের কর্মী। অর্থাৎ, এই দুই রেল জোন থেকেই ২৪৪ জন কর্মী ঋণভিত্তিক ব্যবস্থায় মেট্রোয় কাজ করছেন।
রেল বোর্ডের নির্দেশ, পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলকে প্রয়োজনীয় কর্মীর জোগান নিশ্চিত করতে হবে। পাশাপাশি, অন্য রেল জোন থেকেও কর্মী নেওয়ার জন্য আগ্রহপত্র চাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মী সঙ্কট মেটাতে আরও কয়েকটি পথ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থায়ী পদে আউটসোর্সিং বা পুনর্নিয়োগের সম্ভাবনা যাচাই করার পাশাপাশি, বর্তমানে ট্রেন চালানোর দায়িত্বে নেই এমন রানিং স্টাফদেরও ফের সেই কাজে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।















