রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । মঙ্গলবার সকালে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। পুরনিয়োগ দুর্নীতি মামলায় চলতি বছরের মে মাসে সুজিত ইডির (ED) হাতে গ্রেফতার হন। সেই থেকে তিনি জেলেই রয়েছেন। এদিন অবশ্য আদালত জামিনের আবেদন খারিজ করার আলাদা কোনও কারণ জানায়নি।

দক্ষিণ দমদম পুরসভায় টাকার বিনিময় বেআইনিভাবে নিয়োগ করার ক্ষেত্রে সুজিতের প্রত্যক্ষ হাত ছিল বলে অভিযোগ ওঠে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, ৩৪০ জন প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন তিনি যাঁদের মধ্যে ২৮৪ জন চাকরি পান। প্রত্যেক প্রার্থীকে গড়ে প্রায় ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা দিতে হয়েছিল বলে অভিযোগ। সবমিলিয়ে বিধান নগর পুরনিগমে অবৈধ নিয়োগের নামে অন্তত কুড়ি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে প্রাক্তন দমকল মন্ত্রীর বিরুদ্ধে। জুলাই মাসের প্রথম দফার চার্জশিট জমা দেয় ED। 

প্রাক্তন মন্ত্রীর জামিন সংক্রান্ত মামলা আগে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে শুনানি হলেও তিনি মামলা থেকে সরে দাঁড়ানোয় মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে পাঠানো হয়। প্রাক্তন দমকল মন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা অবশ্য আদালতে প্রমাণিত হয়নি। তবে আপাতত জামিন পাচ্ছেন না সুজিত। ফলে পুজোর সময় জেলেই থাকতে হবে তাঁকে।