পুজোর বিজ্ঞাপন নিয়ে বিতর্কে কলকাতা পুরসভা (KMC)। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দিতে বাংলা হিন্দি মেশানো দুর্গাপুজোর বিজ্ঞাপনে গুরুচন্ডালি দোষ ধরা পড়েছে। এরপর সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিজ্ঞাপনে লেখা হয়েছে, 'মায়ের করব স্বচ্ছতা সে স্বাগত'। এটা কী রকম বাংলা? এটা কি ইয়ার্কি হচ্ছে? অবিলম্বে এই অপসংস্কৃতি বন্ধ করার দাবি করেন বেলেঘাটার বিধায়ক।
পরিবর্তনের বাংলায় দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠকে দেবী দুর্গার ১১ হাতের ছবি দিয়ে বিপাকে পড়ে রাজ্য সরকার। পরবর্তীতে মহালয়ার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের হোর্ডিংয়ে দেখা যায় 'পুজো' বানান ভুল। প্রথমটির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়ে নেন এবং দ্বিতীয় ক্ষেত্রে বানান সংশোধন করা হয়। কিন্তু সেই বিতর্কের রেশ কাটার আগেই ফের বিজ্ঞাপন বিভ্রাট।
বাংলায় বিজেপি শাসনকালে আয়োজিত দুর্গাপুজোয় মহানগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সরকার ও প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে। রাস্তায় নেমে সাধারণ মানুষের কাছে বার্তা দিচ্ছেন স্বয়ং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ১০ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত শহর পরিষ্কার রাখতে কলকাতা পুরসভার তরফে একটি বিজ্ঞাপন দিয়ে লেখা হয়, 'মায়ের করব স্বচ্ছতা সে স্বাগত'। এরপরই সমালোচনা ও বিতর্কের শুরু। বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজো নিয়ে কি ছেলেখেলা হচ্ছে? তৃণমূল বিধায়ক কুণাল নিজের সমাজ মাধ্যমে পোস্টে লেখেন, 'এটা কী? এটা বাংলা? ইয়ার্কি হচ্ছে????বিজেপি আর কত অপসংস্কৃতি বাংলার উপর চাপাবে? বাংলাকে আর কত বিকৃত করবে? অবিলম্বে এসব ডিলিট করুন। পরিবর্তন করুন। ঠিকঠাক বাংলা লিখুন। পুরসভার এখন যা হাল, এই লেখাটার মতই খারাপ।' বিতর্ক বাড়তেই পুরসভার তরফ থেকে পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে।
















