দুর্গাপুজোর প্রাক্কালে কলকাতার বুকে দরিদ্র ও দুঃস্থ মানুষদের জন্য এক অভিনব এবং চমকপ্রদ উদ্যোগ নেওয়া হল। শনিবার মহালয়ার পুণ্যলগ্নে শহরের রাজাবাজার এলাকায় চালু করা হল ‘আহার ক্যান্টিন’। যেখানে মাত্র ১ টাকার বিনিময়ে মিলবে পেটভরা খাবার। উদ্বোধনী দিনে এই ক্যান্টিনের মেনুতে সাধারণ মানুষের পাতে পড়ছে নিরামিষ বিরিয়ানি, সয়াবিনের তরকারি এবং মিষ্টি। নামমাত্র মূল্যে এই উৎসবের মরসুমে এমন রাজকীয় খাবারের আয়োজন ঘিরে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে বিপুল উৎসাহ তৈরি হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টা সহায়তা, বাহিনীতে ৪৫০ গাড়ি: পুলিশের পরিকাঠামো উন্নয়নে মহালয়ায় গুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর
সূত্রের খবর, এনডিএ (NDA) জোটের অন্যতম শরিক দল লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-র রাজ্য সাধারণ সম্পাদক শঙ্খজিত লাল মিত্রর ব্যক্তিগত উদ্যোগে রাজাবাজারে এই বিশেষ ক্যান্টিনটি শুরু করা হয়েছে। মূলত আর্থিকভাবে অনগ্রসর ও পিছিয়ে পড়া মানুষের মুখে নামমাত্র মূল্যে ভালো মানের খাবার তুলে দেওয়াই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। আপাতত ঠিক হয়েছে, প্রতি সপ্তাহের শনিবার এই ক্যান্টিন থেকে প্রায় ২০০ জন দুঃস্থ মানুষকে ১ টাকায় খাবার দেওয়া হবে।
আরও পড়ুন: মহালয়ায় সুখবর, বেলেঘাটা-সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইনে শুরু ট্রায়াল রান
রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর পূর্ববর্তী তৃণমূল সরকারের চালু করা ‘মা ক্যান্টিন’ প্রকল্পের নাম বদলে বিজেপি সরকার ‘মা আহার ক্যান্টিন’ রেখেছিল। বর্তমানে সেই সরকারি ক্যান্টিনগুলিতে ৫ টাকার বিনিময়ে সপ্তাহে দু’দিন মাছ-ভাত এবং দু’দিন ডিম-ভাত দেওয়া হয়। তবে সেই সরকারি প্রকল্পকেও ছাপিয়ে গিয়েছে এই নতুন ব্যক্তিগত উদ্যোগ। ৫ টাকা নয়, এবার তার চেয়েও অনেক কম খরচে, মাত্র ১ টাকাতেই মিলছে সুস্বাদু বিরিয়ানি ও মিষ্টি।
মহালয়ার দিন দেবীপক্ষের সূচনায় রাজাবাজারের এই ‘আহার ক্যান্টিন’ এলাকার দরিদ্র ও শ্রমজীবী মানুষদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে। আগামী দিনে এই পরিষেবার পরিধি আরও বাড়ানো সম্ভব কি না, তা নিয়ে আশাবাদী সংশ্লিষ্ট মহল।















