এন্টালিতে (Entally) ক্যাব রহস্য। ক্যাবের (Cab) ভিতর থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে দীর্ঘক্ষণ একটি ক্যাব দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশ এসে গাড়ির ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করে। মুখে রক্তের চিহ্ন এবং পা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় থাকায় ঘটনাটি ঘিরে খুনের আশঙ্কা তৈরি হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন উনি ওই ক্যাবেরই চালক। তাঁর নাম ভগবানপ্রসাদ গুপ্ত। বয়স ৪৫।
আরও পড়ুন: এখনও অবস্থান জানাতে পারছেন না দলবদলুরা! ফের সময় চেয়ে চিঠি যাচ্ছে স্পিকার বিড়লার কাছে
স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এন্টালি থানার পুলিশ (Entally Police Station personnel)। গাড়িটির দরজা ভিতর থেকে বন্ধ থাকায় স্থানীয় এক মিস্ত্রিকে ডেকে এনে দরজা খুলে দেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ভগবানপ্রসাদকে খুন করা হয়ে থাকতে পারে বলে মনে করা হলেও তদন্তের এই পর্যায়ে পুলিশ কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত জানায়নি।
মৃতের শেষ সময়ের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহে জোর দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে তিনি কার সঙ্গে ছিলেন, শেষবার তাঁর সঙ্গে কার দেখা হয়েছিল এবং তাঁর কোনও পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভগবানপ্রসাদের পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। ব্যক্তিগত কোনও বিরোধ বা শত্রুতার সম্ভাবনাও তদন্তের আওতায় রয়েছে।
আরও পড়ুন: সিঙ্গাপুরে দুর্গাপুজোর ৭০ বছর, শিকড় থেকে শিখরে এক টুকরো বাংলা
ঘটনার কিনারা করতে এন্টালি ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা শুরু হয়েছে। ক্যাবটি কখন এলাকায় এসেছিল এবং তার আগে কোথায় ছিল, সেই তথ্যও ফুটেজ থেকে পাওয়ার চেষ্টা চলছে। গাড়ির ভিতরের পরিস্থিতি এবং মৃতের শরীরে থাকা আঘাতের চিহ্ন থেকেও তদন্তের সূত্র খোঁজা হচ্ছে। লালবাজারের হোমিসাইড শাখা (Lalbazar Homicide Wing) এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে তদন্তে যোগ দিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পাশাপাশি সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যপ্রমাণ মিলিয়ে দেখার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছে পুলিশ।















