বাঙালির আড্ডা হোক কিংবা অফিসপাড়ার ব্যস্ততা— চা এবং মুখরোচক খাবার ছাড়া কলকাতার জীবন যেন অসম্পূর্ণ। কলকাতার সেই চিরপরিচিত আড্ডার ঠেক এবং ঐতিহ্যবাহী চায়ের দোকানগুলির ভোল বদলাতে এবার এক বড়সড় উদ্যোগ নিল টি বোর্ড। পুরনো ঐতিহ্য ও আবেগকে অক্ষুণ্ণ রেখেই এই দোকানগুলির পরিকাঠামো এবং পরিবেশের আধুনিকীকরণ ও সৌন্দর্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আবারও বিতর্কে তসলিমা নাসরিন! ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে সরব নেট দুনিয়া

প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গ জুড়ে এমন ৮টি ঐতিহ্যবাহী দোকানকে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে কলকাতার ৭টি এবং শ্রীরামপুরের ১টি দোকান রয়েছে। এই তালিকায় অন্যতম প্রধান নাম হিসেবে উঠে এসেছে ডেকার্স লেনের (বর্তমানে জেমস হিকি সরণি) কিংবদন্তি ‘চিত্তবাবুর দোকান’।

এছাড়াও জানা গিয়েছে, নতুন করে সাজিয়ে তোলার জন্য মোট সাতটি দোকান বেছে নেওয়া হয়েছে টি বোর্ডের পক্ষ থেকে।  এই শতাব্দীপ্রাচীন বা ঐতিহ্যবাহী দোকানগুলির তালিকায় রয়েছে- চিত্তবাবুর দোকান (ডেকার্স লেন, কলকাতা), বলবন্ত সিংহ ধাবা (কলকাতা), কোনা দোকান (কলকাতা), ন্যাশনাল ইকনমিক রেস্টুরেন্ট (কলকাতা), কলকাতার আরও ৩টি ঐতিহ্যবাহী চায়ের দোকান, যাদের বয়স ১০০ বছরের কাছাকাছি বা বেশি এবং শ্রীরামপুরের নরেশবাবুর টি স্টল। 

আরও পড়ুন: দালালের হাত ধরে সীমান্ত পারের চেষ্টা, কুশমণ্ডিতে ধৃত ২৫ বাংলাদেশি

সম্প্রতি চা নিলাম ব্যবস্থা এবং চা শিল্পের আধুনিকীকরণ সংক্রান্ত একটি আলোচনাচক্রে টি বোর্ডের চেয়ারম্যান সি মুরুগান এই বিশেষ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, “আমরা চাইছি এই ঐতিহাসিক ও হেরিটেজ দোকানগুলির সৌন্দর্যায়ন করতে। তবে এর জন্য জোর জবরদস্তি করা হবে না, কোনও দোকান মালিক নিজে থেকে চাইলে তবেই টি বোর্ডের পক্ষ থেকে এই সৌন্দর্যায়নের কাজ করে দেওয়া হবে।” আপাতত প্রাথমিকভাবে ৮টি দোকানকে বেছে নেওয়া হলেও, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এমন আরও বহু ঐতিহ্যবাহী দোকানের খোঁজ চালাচ্ছে টি বোর্ড।

আরও পড়ুন: ভোট লুটের অভিযোগ কংগ্রেসের: শান্তিপূর্ণ নির্বাচন চলছে, দাবি বিজেপি প্রার্থীর

এই তালিকায় থাকা চিত্তবাবুর দোকানের চিকেন স্ট্যু এবং পাউরুটি কিংবা বলবন্ত সিং ধাবার দুধ-চা কলকাতার খাদ্যরসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। টি বোর্ডের এই উদ্যোগে একদিকে যেমন চা বিক্রির প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে এবং ছোট চা চাষিরা সঠিক দাম পাবেন, অন্যদিকে শহরের প্রাচীন চায়ের দোকানগুলির ঐতিহ্য ও পরিবেশ আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হেরিটেজ তকমা পাওয়ার এই খবরে খুশি দোকান কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ আমজনতাও।