সোমবার সন্ধ্যায় ফের বড়সড় দুর্ঘটনা মা উড়ালপুলে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ নিয়ন্ত্রণ হারানো একটি গাড়ি পর পর তিনটি বাইক এবং তিনটি গাড়িতে ধাক্কা মারে। ঘটনায় আহত হয়েছেন কলকাতা পুলিশের পঞ্চসায়র থানার সাব-ইন্সপেক্টর রত্নাংশু মণ্ডল-সহ তিনজন। আহতদের বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, একটি ঘটনার তদন্ত শেষ করে থানায় ফিরছিলেন SI রত্নাংশু মণ্ডল। সেই সময় পার্ক সার্কাসের দিক থেকে একটি গাড়ি রুবির দিকে যাচ্ছিল। অভিযোগ, আচমকাই গাড়িটি চিংড়িহাটার দিকে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর একের পর এক তিনটি বাইকে ধাক্কা মারে গাড়িটি। সেখানেই থামেনি বিপত্তি। আরও তিনটি গাড়িতে ধাক্কা মেরে শেষ পর্যন্ত দাঁড়ায় সেটি। দুর্ঘটনায় একটি গাড়িতে থাকা SI রত্নাংশু মণ্ডল আহত হন। জখম হন আরও দুই বাইক আরোহী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য মা উড়ালপুলে যান চলাচল ব্যাহত হয়।
এদিকে দুর্ঘটনার পর থেকেই অভিযুক্ত গাড়িচালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, নাকি অন্য কোনও কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন—সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন তদন্তকারীরা। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে মা উড়ালপুলের নিরাপত্তা নিয়ে। এই উড়ালপুলে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। তা সত্ত্বেও মাঝেমধ্যেই এখানে গুরুতর দুর্ঘটনা ঘটে। আহত হওয়ার পাশাপাশি অতীতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। নজরদারির জন্য পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কেন দুর্ঘটনায় লাগাম টানা যাচ্ছে না, ফের সেই প্রশ্নই সামনে।















