দুর্গাপুজো শুরু হতে আর মাত্র ১২ দিন বাকি, শহর জুড়ে ইতিমধ্যেই ভরপুর শারদীয়া আমেজ। বেশকিছু মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে। রবিবার পটুয়াপাড়া থেকে একাধিক প্রতিমা রওনা দেবে গন্তব্যে। এই আবহে মহালয়ার আগেই অর্থাৎ পিতৃপক্ষ চলাকালীন কলকাতার রাস্তায় গণপরিবহন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল লালবাজার। আগামী শনিবার অর্থাৎ ১০ অক্টোবর মহালয়া, তা ঠিক দুদিন আগে অর্থাৎ আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর থেকে মহাষষ্ঠীর (১৬ অক্টোবর) ভোর পর্যন্ত কলকাতার একাধিক রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ জারি থাকবে।

কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে জানা গিয়েছে, ওই নির্দিষ্ট সময়ে যেসব গাড়ি কুমোরটুলি থেকে প্রতিমা আনতে যাবে তাদের রবীন্দ্র সরণির দিকে যাওয়ার জন্য যতীন্দ্রমোহন অ্যাভিনিউ রাজা নবকৃষ্ণ স্ট্রিট এবং অরবিন্দ সরণি ব্যবহার করতে হবে। আবার প্রতিমা নিয়ে বেরোনোর সময় মদনমোহনতলা, বাগবাজার স্ট্রিট, স্ট্যান্ড রোড ধরতে হবে। আট দিন ধরে (৮-১৬ অক্টোবর) প্রতিমা আনতে যাওয়ার গাড়ি ছাড়া অন্য কোন পণ্যবাহী গাড়িকে রবীন্দ্র সরণিতে ঢুকতে দেওয়া হবে না। এক্ষেত্রে নিমতলা ঘাট স্ট্রিট, বি কে পাল অ্যাভিনিউ, গিরিশ অ্যাভিনিউ দিয়ে বাকি গাড়ি যাতায়াত করতে পারবে। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, শোভাবাজার স্ট্রিট থেকে ডিসি ব্যানার্জি রোডের মধ্যবর্তী কোনও ধরনের গাড়ি পার্কিং হবে না।

এ তো না হয় গেল পুজোর আগের কথা। পুজোর জন্য ১৩ অক্টোবর মানে তৃতীয়া থেকে মহানগরীতে নতুন ট্র্যাফিক নিয়ম চালু হতে চলেছে। শহরের বেশ কিছু রাস্তা চিহ্নিত করেছে লালবাজার যেখানে পুজোর সময় কোনও পণ্যবাহী গাড়ি যাতায়াত করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। জরুরি পরিষেবার ক্ষেত্রে অবশ্য ছাড় থাকবে। বিসর্জনের জন্য দশমী থেকে লক্ষ্মীপুজোর আগের দিন পর্যন্ত গঙ্গার ঘাটমুখী রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। কালীঘাট চত্ত্বর গার্ডেনরিচ রোড বাগবাজার রুট সহ একাধিক রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রিত হবে। এছাড়াও পুজোর সময় ভিড়ের কথা মাথায় রেখে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।