দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) কুশমণ্ডিতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার পথে বিএসএফের (BSF) হাতে ধরা পড়লেন ২৫ জন বাংলাদেশি (Bangladeshi) নাগরিক। তাঁদের সঙ্গে থাকা এক ভারতীয় দালালকেও গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোরে লোহাগঞ্জের পঞ্চনগর এলাকায় ঘটনাটি ঘটে। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ (Police) ও বিএসএফ।

আরও পড়ুন: ভোট লুটের অভিযোগ কংগ্রেসের: শান্তিপূর্ণ নির্বাচন চলছে, দাবি বিজেপি প্রার্থীর

কুশমণ্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের লোহাগঞ্জ পঞ্চনগর এলাকায় মঙ্গলবার ভোরে বেশ কয়েকজন অপরিচিত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় কয়েকজন ধানক্ষেতে লুকিয়ে পড়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এরপরই পুলিশ ও বিএসএফকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কুশমণ্ডি থানার পুলিশ এবং বিএসএফ জওয়ানরা। এর পরেই ওই ২৫ জনকে আটক করা হয়। তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় বিএসএফ ক্যাম্পে। পরে জিজ্ঞাসাবাদ করে তাঁরা বাংলাদেশি নাগরিক বলে জানা যায়। তাঁদের সঙ্গে থাকা গঙ্গারামপুরের কাজলতোর এলাকার বাসিন্দা দালাল বাবলু রায়কেও আটক করা হয়।

আরও পড়ুন: জ্ঞানেশ-বিতর্কের আবহে কলকাতায় নাগরিক কনভেনশন, একই মঞ্চে প্রকাশ-অশোক-বিকাশ

স্থানীয় সূত্রে খবর, ধৃত ২৫ জনের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। কাজের সূত্রে তাঁরা কাশ্মীরে গিয়েছিলেন। অভিযোগ, বেশ কিছুদিন আগে বৈধ নথি ছাড়াই তাঁরা ভারতে প্রবেশ করেন। কাশ্মীরে কাজ করার পর এবার একই ভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। বাংলাদেশে ফেরার জন্য বাবলু রায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওই ব্যক্তিরা বলে স্থানীয়দের দাবি। তাঁর মাধ্যমেই তাঁরা পঞ্চনগরের কদমতলায় জড়ো হন বলে অভিযোগ। সীমান্তের কাছে এতজন অপরিচিত ব্যক্তিকে একসঙ্গে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁদের তৎপরতাতেই বিষয়টি বিএসএফের নজরে আসে।

ধৃতরা কী ভাবে ভারতে প্রবেশ করেছিলেন, তাঁদের সঙ্গে আরও কোনও দালালচক্রের যোগাযোগ রয়েছে কি না এবং বাংলাদেশে ফেরানোর জন্য ঠিক কী পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ।