জ্বালানির দামে বড়সড় ধাক্কা। এক মাসে Aviation Turbine Fuel বা ATF-এর দাম ১৪ শতাংশেরও বেশি বেড়ে যাওয়ায় এবার বিমানের টিকিটে অতিরিক্ত খরচের বোঝা চাপতে চলেছে যাত্রীদের উপর। নতুন বুকিংয়ের ক্ষেত্রে ৬ অক্টোবর ২০২৬ রাত ১২টা ১ মিনিট থেকে সংশোধিত ফুয়েল চার্জ কার্যকর করছে IndiGo।
নতুন কাঠামোয় দেশীয় উড়ানে দূরত্ব অনুযায়ী ৩৭৫ টাকা থেকে ১,৩০০ টাকা পর্যন্ত ফুয়েল চার্জ দিতে হবে যাত্রীদের। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে গন্তব্যের অঞ্চল অনুযায়ী এই চার্জ ১,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
সংস্থার দাবি, ATF-এর দামে এক ধাক্কায় এতটা বৃদ্ধির প্রভাব যাত্রীদের উপর যতটা সম্ভব কম রাখতেই তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত হারে এই অতিরিক্ত চার্জ ধার্য করা হয়েছে। তবে এখানেই শেষ নয়। জ্বালানির দাম ভবিষ্যতে বাড়া-কমার সঙ্গে সঙ্গতি রেখে ফুয়েল চার্জও পর্যালোচনা করবে IndiGo। অর্থাৎ, বিমান জ্বালানির বাজারদরই আগামী দিনে এই অতিরিক্ত খরচের অন্যতম নির্ধারক হতে চলেছে।
দীর্ঘদিন ধরেই বিমান সংস্থাগুলির মোট পরিচালন ব্যয়ের বড় অংশ জুড়ে রয়েছে জ্বালানির খরচ। ফলে ATF-এর দামে এমন উল্লেখযোগ্য বৃদ্ধি সরাসরি বিমান পরিবহণের খরচে প্রভাব ফেলতে পারে। এবার সেই চাপেরই সীমিত অংশ যাত্রীদের উপর দেওয়ার পথে হাঁটল দেশের অন্যতম বড় বিমান সংস্থা।














