আয়ুষ্মান কার্ডের (Ayushman Card) মাধ্যমে মানুষকে সেবা পরিষেবা দেওয়ার নামে মৃত ব্যক্তিদের জীবিত বা চিকিৎসাধীন রোগী বলে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে বেসরকারি হাসপাতালে? যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা মোদি সরকারের অন্যতম বড় গ্যারান্টি বলে বিজেপির দাবি, সেখানেই এত বড় জালিয়াতির অভিযোগ? ক্যাগ রিপোর্ট প্রকাশে আসতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারকে ব্যবহার করে বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে যখন তোলপাড় দেশ, তখন CAG রিপোর্টে প্রকাশ্যে এলো আয়ুষ্মান ভারত কার্ডের নামে বড় জালিয়াতির তথ্য! একটা ভুয়ো মোবাইল নম্বর ব্যবহার করে ৭.৫ লক্ষ আয়ুষ্মান কার্ড ইস্যু! কেন্দ্রের নয়া স্ক্যাম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সব মহলে। এখানেই শেষ নয় ৮৮ হাজার মৃত রোগীকে জীবিত বলে দাবি করে তাঁদের চিকিৎসার নামে বেসরকারি হাসপাতালগুলোকে প্রায় ৬৯ কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল। অর্থাৎ সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে এভাবেই ঘুরপথে চলছে দুর্নীতি! কেন্দ্রের বিরুদ্ধে জনগণের অর্থের অপব্যবহারের অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: ভোটচুরির প্রতিবাদ ও জ্ঞানেশের ইস্তফার দাবি! মঙ্গলে নির্বাচন সদনে ইন্ডিয়া জোটের অভিযান

সম্প্রতি সংসদে পেশ হওয়া কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (CAG Report) পারফরম্যান্স অডিট রিপোর্টে আয়ুষ্মান ভারত-প্রধান মন্ত্রী জনআরোগ্য যোজনা (AB-PMJAY)-তে বেশ কিছু বড় অনিয়ম ও জালিয়াতির তথ্য সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, প্রায় ৭.৫ লক্ষ উপভোক্তার ক্ষেত্রে একটিমাত্র মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সিএজি রিপোর্টে দেখা গেছে, অনেক ক্ষেত্রে আয়ুষ্মান কার্ডে এমন রোগীদের চিকিৎসা করা হয়েছে বলে দেখানো হয়েছে যাঁদের সরকারিভাবে আগেই মৃত বলে ঘোষণা করা হয়েছিল। অথচ সেই সব রোগীদের নামে কোটি কোটি টাকা বেসরকারি হাসপাতালকে দেওয়া হয়েছে। কিন্তু এই গোটা বিষয়টি নিয়ে না হয়েছে তদন্ত আর না কাউকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি হাজার হাজার মানুষ একই আধার নম্বর ব্যবহার করে নাম নথিভুক্ত করেছেন এমনটাও CAG রিপোর্টে উল্লেখ করা হয়েছে। 

ক্যাগ রিপোর্ট প্রকাশে আসতেই অস্বস্তিতে মোদি সরকার। সাফাই দিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, উপভোক্তা যাচাইকরণ প্রক্রিয়ায় মোবাইল নম্বর কোনও বাধ্যতামূলক বা মূল ভূমিকা পালন করে না। ফলে মোবাইল নম্বরের ত্রুটি দিয়ে নাকি পুরো স্কিমের কার্যকারিতাকে ভুলভাবে বিচার করা যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি তাই হবে তাহলে এই যে মৃত ব্যক্তিদের জীবিত বলে চিকিৎসাজনিত খরচের টাকা দেওয়া হল সেই ঘটনার কোনও তদন্ত হল না কেন? কেন শুধুমাত্র সিস্টেমের সফটওয়্যার আপডেটের নামে কোটি কোটি টাকা দুর্নীতিকে এভাবে ধামাচাপা দেওয়া হল, প্রশ্ন তো থেকেই যায়।