ভোটাধিকার এবং ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে এ বার কলকাতায় নাগরিক সমাজের কনভেনশন (Citizens Convention)। আগামী ১৩ অক্টোবর কলামন্দিরে (Kalamandir) আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেবেন অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj) এবং দেশের প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসা (Ashok Lavasa)। ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ করা এবং প্রত্যেক নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করাই এই কনভেনশনের মূল লক্ষ্য।
আরও পড়ুন: মাইক হাতে “ভোট চোর” স্লোগান, গণনাকেন্দ্রের ৫ মিনিটের ভিডিও ফুটেজ দেখান চ্যালেঞ্জ অভিষেকের
এই উদ্যোগের আহ্বায়ক হিসেবে রয়েছেন দুই প্রাক্তন রাজ্যসভার সাংসদ, প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sircar) এবং কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। রাজনৈতিক পরিচয়ে দু’জনের অবস্থান আলাদা হলেও গণতন্ত্র রক্ষার্থে তাঁদের এই সমবেত উদ্যোগ। কর্মসূচিটি সরাসরি কোনও রাজনৈতিক দলের ব্যানারে হচ্ছে না। তবে এর পিছনে বামেদের সমর্থন রয়েছে বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা। জহর সরকারের রাজনৈতিক অবস্থানও এই কর্মসূচির সঙ্গে নতুন করে আলোচনায় এসেছে। আরজি কর-কাণ্ডের সময় তৃণমূলের সঙ্গে মতবিরোধের জেরে রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে তাঁর সঙ্গে বামেদের বিভিন্ন কর্মসূচিতে যোগাযোগ দেখা গিয়েছে। চলতি বছরের মার্চে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিতে তৈরি হতে চলা ‘বুদ্ধদেব ভট্টাচার্য কালচারাল সেন্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান বক্তাদের মধ্যে ছিলেন জহর।
আরও পড়ুন: ৪০ দিন পর নেপালে বন্ধ উদ্ধার অভিযান, এখনও নিখোঁজ ৫২৮৫! তালিকায় ১৮৯ ভারতীয়
প্রকাশ রাজের সঙ্গে বামেদের যোগাযোগও দীর্ঘদিনের। ২০১৮ সালে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্মেলনের উদ্বোধন করতে বেঙ্গালুরু থেকে ডানকুনিতে এসেছিলেন তিনি। একই সঙ্গে গত এক দশকেরও বেশি সময় ধরে কেন্দ্রের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির প্রকাশ্য সমালোচক হিসেবেও পরিচিত অভিনেতা। এই কনভেনশনে অশোক লাভাসার উপস্থিতিও বিশেষ তাৎপর্যপূর্ণ। ভোটার তালিকা এবং নির্বাচন পরিচালনা নিয়ে বিতর্কের আবহেই তাঁর মতো প্রাক্তন নির্বাচন কমিশনারের বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এর মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধীদের আন্দোলন জোরদার হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে ফর্ম ৬ সংক্রান্ত শুনানির পর সেই বিতর্ক আরও তীব্র হয়েছে। এসআইআর-পর্বে ফর্ম ৬ নিয়ে বিরোধীরা যে প্রশ্ন তুলেছিল, আদালতের পর্যবেক্ষণের পর তা ফের সামনে এসেছে।
এই পরিস্থিতিতে ১০ অক্টোবর মহালয়ার দিন দিল্লিতে বড় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। কলকাতাতেও পুজোর আবহে জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হওয়ার প্রস্তুতি চলছে। তারই মধ্যে ১৩ অক্টোবরের নাগরিক কনভেনশন ভোটপ্রক্রিয়া নিয়ে চলতে থাকা বিতর্ককে আরও বড় সামাজিক পরিসরে নিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।















