নারী ক্ষমতায়নে লক্ষ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে শুরু হওয়ার সবলা মেলা পালাবদলের বঙ্গে নতুন নামে ফেরাতে চলেছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বাধীন বিজেপি সরকার। একদিকে মহিলাদের স্বনির্ভর করে তোলা, অন্যদিকে হস্তশিল্পের বাজারকে বিশ্বজনীন করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই সবলা মেলায় বর্তমান সরকারের আমলে আরো বেশি সংখ্যক মহিলাদের স্টল থাকবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি প্রস্তাবনা এবং নতুন নামকরণের ভাবনা নিয়ে মুখ্যমন্ত্রী দফতরে আলোচনা শুরু হয়েছে। আগামী ২৩ নভেম্বর থেকে নিউটাউন মেলা প্রাঙ্গণে সবলা মেলা নতুন ভাবে নতুন নামে আয়োজন করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের (Govt of India)। 

বিজেপি ক্ষমতায় আসার পরই বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন জনমুখী প্রকল্প বন্ধ হবে না। সেই মতো লক্ষ্মীর ভান্ডার হোক বা সবুজ সাথী- সবটাই বজায় রেখেছে ডবল ইঞ্জিন সরকার। তবে নাম পরিবর্তন হয়েছে। কিছু ক্ষেত্রে বেড়েছে সাহায্যের পরিমাণও। যেমন অন্নপূর্ণা ভান্ডারে মহিলারা পান তিন হাজার টাকা। সবুজ সাথীর সাইকেল দেওয়া হচ্ছে 'সারথি' প্রকল্পে। এবার সবলা মেলাও পরিবর্তিত নামের সঙ্গেই শীতের কলকাতায় নিজের পসরা সাজিয়ে তুলবে। গত বছর এই মেলায় ২৬০ স্টল ছিল যার মধ্যে মহিলাদের জন্য ছিল ৯০টি। এবার সেই সংখ্যাটা বেড়ে ১০০ হতে পারে, এমনটাই খবর সিএমও সূত্রে। ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা, উদ্বোধনে থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। 

আরও পড়ুন: মহালয়ার আগে আবহাওয়ার বদল, একাধিক জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা

রাজ্য স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে আয়োজিত এই মেলায় এই বছর উত্তরের জেলার মহিলাদের সক্রিয় অংশগ্রহণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। আগে কোচবিহারেও এই মেলার আয়োজন হতো। এবার রাসমেলার সঙ্গে এই মেলার আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবলা মেলায় মহিলারা নিজেদের তৈরি করা পণ্য বিক্রি করে একদিকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন, অন্যদিকে বিশ্বব্যাপী তাঁদের পরিচিতি বাড়ে যা বাংলার নারী ক্ষমতায়নের অন্যতম উল্লেখযোগ্য দিকও বটে। এছাড়া এর মাধ্যমে একটা ব্যবসায়িক পরিসরও তৈরি হয়। খুব দ্রুতই মেলার নতুন নাম ঘোষণা করা হবে।।