আরও সময় চাই! কোন দলে আছেন- সেটা জানাতে আরও বেশি সময় চেয়ে ফের লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি পাঠাচ্ছেন তৃণমূল (TMC) ছেড়ে NCPI-তে যাওয়া সাংসদরা। কোন দিকে আছেন ২০ সাংসদ? জানতে চেয়ে প্রথমে লোকসভার অধ্যক্ষ ও পরে শীর্ষ আদালতে আবেদন জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সুপ্রিম নির্দেশের সঙ্গে সঙ্গেই তাঁদের নোটিশ দিতে শুরু করেন ওম বিড়লা। কিন্তু নিজেদের অবস্থান আর জানিয়ে উঠতে পারছেন না দলবদলুরা।

বিধানসভা নির্বাচনে (Assembly Election) রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পরেই কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে একে একে মমতা শিবির ত্যাগ করেন ২০ লোকসভা সাংসদ (Lok Sabha)। তালিকায় আছেন, কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghoshdasti), শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, দীপক অধিকারী (দেব), সায়নী ঘোষ, পার্থ ভৌমিক, জুন মালিয়া, ইউসুফ পাঠান, জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, অরূপ চক্রবর্তী, বাপি হালদার, মোহাম্মদ আবু তাহের খান, কালীপদ সরেন খেরওয়াল, অসিত কুমার মাল, মিতালী বাগ, খলিলুর রহমান, মালা রায় এবং শর্মিলা সরকার। দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতে তাঁরা যোগ দেন অখ্যাত NCPI দলে। কিন্তু সেই দলকে এখনও স্বীকৃতি দেননি ওম বিড়লা (Om Birla)। ফলে কাকলিরা অধিবেশন বক্তব্য রাখলে সংসদ টিভি-তে তাঁদের নামের পাশে তৃণমূল সাংসদ লেখা হচ্ছে। অথচ তাঁদের দাবি মেনে অধিবেশন কক্ষে তৃণমূল সাংসদদের বসার স্থান পরিবর্তন করা হয়েছে। এই পরিস্থিতিতে ২০ সাংসদের বিষয়ে লোকসভার স্পিকারের অবস্থান জানতে চেয়ে চিঠি দেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক। প্রায় আড়াই মাস অপেক্ষা করে কোনও উত্তর না পেয়ে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হন। গত ২৫ অগাস্ট এই বিষয়ে জানতে চেয়ে নোটিশ দেয় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ। পরিস্থিতি সামল দিতে আসরে নামেন সলিসিটের জেনারেল তুষার মেহেতা। জানান, ২০ সাংসদকে নোটিশ দেওয়া হয়েছে। আইন বাঁচাতে সেই দিনই দলবদলু সাংসদের নোটিশ দেন লোকসভার স্পিকার। 
আরও পড়ুন: পুজো পরিক্রমার নামে পাস দুর্নীতির অভিযোগে দ্বিতীয়বার ইডি হাজিরা ইন্দ্রনীলের

কিন্তু নির্দেশ সময়সীমা পেরিয়ে গেলেও জবাব না দিয়ে আরও সময় চান কাকলি-সুদীপরা। সেই আবেদন মঞ্জুর করেন ওম বিড়লা।  তাঁদের জবাব দেওয়ার সময়সীমা বাড়িয়ে ২২ সেপ্টেম্বর করেন তিনি। এর পরেই এদিন সরাসরি তৃণমূলত্যাগী ২০ সাংসদকে নিজেদের অবস্থান জানাতে নোটিশ পাঠায় সুপ্রিম কোর্ট। স্পিকারের কাছে জবাব দেওয়ার জন্য চার সপ্তাহ সময় চেয়েছিলেন এনসিপিআই সাংসদেরা। স্পিকার তাঁদের চিঠি দিয়ে জানান, দু’সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। সেই দু’সপ্তাহের মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার। তার ফের বুধবার সময়বৃদ্ধির আর্জি জানিয়ে চিঠি যাচ্ছে সুদীপ, কাকলিদের। এখন ওম বিড়লা (Om Birla) চিঠি পেলে কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার।