জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। দেশের গণতন্ত্রের মূল ভিত্তি নির্বাচনকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে জ্ঞানেশের একের পর এক সিদ্ধান্ত, এমনই অভিযোগ বিরোধীদের। আর তা নিয়েই দেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন দেশবাসী। সেই আবহেই নিজের কর্মসূচি স্থগিত রাখতে বাধ্য হলেন জ্ঞানেশ। তবে কেন হঠাৎ পিছিয়ে গেল তাঁর ছত্তিশগড় (Chhattisgarh) সফর! আপাতত এর স্পষ্ট কারণ জানানো হয়নি। নির্বাচন কমিশনের (Election Commission) তরফে ‘অনিবার্য কারণ’-এর কথা বলা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর জ্ঞানেশ কুমার এবং কমিশনের কয়েক জন শীর্ষ আধিকারিকের ছত্তিশগড় সফরের কথা ছিল। কিন্তু সফরের ঠিক আগে সেই কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে বিষয়টি জানানো হয়েছে। 

আরও পড়ুন: আগমনীর মেগা কনসার্টে একমঞ্চে লোপামুদ্রা-জয়তী- রাঘব-ইন্দ্রানীরা! শহর মাতাতে তৈরি বিক্রমের ফিউশন

এই সফর ঘিরে ছত্তিশগড় প্রশাসনের প্রস্তুতিও প্রায় শেষ হয়ে গিয়েছিল। জ্ঞানেশ কুমারকে রাজ্য অতিথির মর্যাদা দেওয়া হয়েছিল। রায়পুরে তাঁর অভ্যর্থনা থেকে শুরু করে নিরাপত্তা, সব ব্যবস্থাই করা হয়েছিল। সফরসূচিতে ছিল দান্তেওয়াড়ার দন্তেশ্বরী মন্দির, বস্তারের চিত্রকোট জলপ্রপাত এবং কবীরধাম জেলার ভোরমদেও মন্দির।

আরও পড়ুন: বেদ থেকে বিবেকানন্দ প্রসঙ্গ তুলে বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তা প্রধানমন্ত্রীর

জ্ঞানেশের এই সফর স্থগিতের ঘটনা সামনে এল এমন এক সময়ে, যখন নির্বাচন কমিশনকে ঘিরে রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এবং ‘ফর্ম ৬’-এ পরিবর্তন-সহ একাধিক বিষয় নিয়ে কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। একই সঙ্গে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও জোরালো হয়েছে। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও বিচারাধীন।

এরই মধ্যে মঙ্গলবার দিল্লির রাস্তায় নেমে পড়েন বিরোধী জোটের সাংসদরা। তাঁদের লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের দফতর। রাহুল গান্ধীর নেতৃত্বে মিছিলে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, সিপিএমের জন ব্রিটাস, এনসিপি-র সুপ্রিয়া সুলে, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিরোধী সাংসদ। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতেই এই কর্মসূচি বলে বিরোধীদের তরফে জানানো হয়। 

জ্ঞানেশের কর্মসূচি স্থগিতের ঘটনা অবশ্য এই প্রথম নয়। এর আগে উত্তরপ্রদেশের মিরাট ও বারাণসী, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড সফরও স্থগিত হয়েছিল। এবার সেই তালিকায় যোগ হল ছত্তিশগড়। তবে আগের সফরগুলির মতোই এ ক্ষেত্রেও কমিশনের তরফে সফর পিছিয়ে দেওয়ার নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। ফলে একদিকে দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে বিরোধীদের লাগাতার আন্দোলন, অন্যদিকে পরপর তাঁর রাজ্য সফর স্থগিত। সব মিলিয়ে নির্বাচন কমিশনকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক আরও জোরালো হয়েছে।