২০২৪-এর লোকসভা নির্বাচনের সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন রাজীব কুমার। তাঁর নেতৃত্বেই হয়েছিল সেই নির্বাচন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে CEC পদ থেকে অবসর নেওয়ার পর চলতি বছরের জুলাইয়ে HDFC Bank-এর পার্ট-টাইম ও 'নন এক্সিকিউটিভ' চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তিনি। এই প্রেক্ষাপটেই অমিত শাহর 'ক্রোনোলজি'র প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করে এবার সরব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় ভোটের দিন EVM নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলে বিজেপি। এবার সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিয়ো পোস্ট করে বিজেপির দাবি, একাধিক বুথে নাকি EVM-এর BJP প্রার্থীর প্রতীক ও সংশ্লিষ্ট বোতামের জায়গায় টেপ লাগানো হয়েছিল। এর ফলে ভোটারদের BJP-কে ভোট দেওয়ার সুযোগ বাধাগ্রস্ত করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ পদ্মশিবিরের। সেই পোস্ট শেয়ার করেই এবার অভিষেকের বক্তব্য, গোটা ঘটনার সময় এবং ঘটনাপ্রবাহ খতিয়ে দেখা প্রয়োজন।
অভিষেকের প্রশ্ন, যদি রাজীব কুমারকে ঘিরে কোনও ফৌজদারি অনিয়ম বা অপরাধের প্রমাণ থাকে, তাহলে তদন্ত হোক, মামলা হোক এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে আইনই। এরপরই বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক খোঁচা অভিষেকের। কটাক্ষ, করে লেখেন, ''‘ডাবল ইঞ্জিন’ সরকারের ক্ষেত্রে জবাবদিহির প্রশ্ন উঠলেই কী দুই ইঞ্জিনই স্টেশনে এসে হঠাৎ থমকে যায়?'' ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সামনে একাধিকবার বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আদর্শ আচরণবিধি বা Model Code of Conduct (MCC) লঙ্ঘনের অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ধর্মীয় বা জাতিগত অনুভূতিকে কাজে লাগিয়ে ভোট চাওয়া এবং যাচাই না করে অভিযোগের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করা নিষিদ্ধ। এদিকে ভোট প্রচারের সময় মোদির কয়েকটি বক্তব্য নিয়ে বিরোধী দলগুলি কমিশনের দ্বারস্থ হয়। বিশেষ করে ধর্মীয় মেরুকরণ, সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করে মন্তব্য এবং বিরোধীদের বিরুদ্ধে বিভাজনমূলক বক্তব্যের অভিযোগ সামনে আসে। কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে কমিশন বিজেপি সভাপতি জে পি নাড্ডাকে নোটিসও পাঠিয়েছিল।
প্রসঙ্গত, ২০২৪-এর লোকসভা নির্বাচন রাজীব কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সময়েই হয়েছিল। বর্তমানে তিনি HDFC Bank-এর পার্ট-টাইম চেয়ারম্যান ও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। দেশজুড়ে যখন নির্বাচন কমিশনের ভূমিকা, SIR এবং ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিরোধীদের আক্রমণ আরও তীব্র হয়েছে, ঠিক সেই সময়ে অভিষেকের এই মন্তব্য রাজনৈতিক মঞ্চে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। মঙ্গলবারও INDIA জোটের বিক্ষোভে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সরব হন অভিষেক।















