রাজধানীর রাজপথে মঙ্গলবার জ্ঞানেশ-বিরোধী আন্দোলনের আগুন, আর তার রেশ কাটতে না কাটতেই বুধবার ফের শক্তি দেখাল ‘ইন্ডিয়া’ (INDIA) শিবির। আটক, এফআইআর (FIR), জলকামান কিংবা টিয়ার গ্যাস, কোনও পুলিশি বাধাই থামাতে পারল না বিরোধীদের। একদিকে রাস্তায় আন্দোলন, অন্যদিকে মধ্যাহ্নভোজের (Lunch) টেবিলে পরবর্তী লড়াইয়ের ছক। জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে এবার আরও বড় আন্দোলনের প্রস্তুতি শুরু করে দিল বিরোধী শিবির। বুধবার দুপুরে মধ্য দিল্লির (Delhi) জনপথ এলাকার ‘সাগররত্ন’ রেস্তরাঁয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge) আমন্ত্রণে এক টেবিলে বসেন ‘ইন্ডিয়া’র একাধিক দলের সাংসদ। উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi), কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী-সহ (Priyanka Gandhi) কংগ্রেস, সিপিএম, মমতা তৃণমূল, আরজেডি-সহ বিভিন্ন বিরোধী দলের প্রতিনিধিরা। এদিন রেস্তরাঁ থেকে বেরিয়ে যন্তর মন্তরের দিকে রওনা দেন বিরোধী সাংসদরা। সেখানেই শুরু হয় অবস্থান বিক্ষোভ।
আরও পড়ুন: পুজোর ভিড় সামলাতে শিয়ালদহ শাখায় ৫১টি বিশেষ ট্রেন, বাড়ছে নজরদারিও
মঙ্গলবার গভীর রাত পর্যন্ত জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন ঘিরে বিরোধী নেতা-কর্মীদের আটক এবং পুলিশের এফআইআর নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বিরোধী শিবিরে। ‘ইন্ডিয়া’র অভিযোগ, গণতান্ত্রিক প্রতিবাদকে দমন করতেই পুলিশি শক্তি প্রয়োগ করা হচ্ছে। সেই আবহেই বুধবারের বৈঠক থেকে আন্দোলন আরও তীব্র করার বার্তা দিল বিরোধীরা। মধ্যাহ্নভোজের পর যাতে তাঁরা ফের অবস্থান-বিক্ষোভে বসতে না পারেন, তার জন্য আগে থেকেই রেস্তরাঁ চত্বর ঘিরে ফেলে দিল্লি পুলিশ। মোতায়েন করা হয় জলকামান, টিয়ার গ্যাস-সহ বিশাল পুলিশ বাহিনী। কিন্তু সেই প্রস্তুতিকে কার্যত উপেক্ষা করেই রেস্তরাঁ থেকে বেরিয়ে যন্তর মন্তরের দিকে রওনা দেন বিরোধী সাংসদরা। "এফআইআর আমার কাছে মেডেলের মতো।" রাহুল ও প্রিয়াঙ্কার বিরুদ্ধে দিল্লি পুলিশের করা এফআইআর নিয়ে মধ্যাহ্নভোজে এমনটাই মন্তব্য করেন রাহুল। তাঁর কথায়, "আমার বিরুদ্ধে ইতিমধ্যেই ৪৫টি এফআইআর রয়েছে। আমার লক্ষ্য ১০০টি এফআইআর ছোঁয়া।" তিনি আরও বলেন, " আমরা ৩০০ জন সাংসদ মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের অনুমতি দেওয়া হয়নি। তাই আমরা যন্তর মন্তরে গিয়ে বার্তা দিতে চাই যে, আমাদের কাছে জ্ঞানেশ কুমার দেশের বৈধ নির্বাচন কমিশনার নন।"
আরও পড়ুন: স্বেচ্ছাবসরের কথা ঘোষণা করে তীব্র আক্রমণ শুভেন্দুকে! 'কুমীরের কান্নায়' ভাসালেন হুমায়ুন
শুধু রাজপথে প্রতিবাদ নয়, এবার নির্বাচন কমিশনের কাছেও সরাসরি জবাবদিহির দাবি তুলতে চলেছে ‘ইন্ডিয়া’। এসআইআর-বিতর্কের আবহে নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকের সময় চেয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই চিঠির খসড়া এবং পরবর্তী আইনি পদক্ষেপ নিয়েও বুধবারের বৈঠকে আলোচনা হয়।
রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে জানান, জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দেশজুড়ে যে প্রতিবাদ চলছে, তার পরবর্তী রণকৌশল ঠিক করতেই এই বৈঠক। ফলে পুলিশের বাধা যতই বাড়ুক, জ্ঞানেশ-বিরোধী আন্দোলন থেকে যে আপাতত এক পা-ও পিছোতে নারাজ ‘ইন্ডিয়া’, বুধবারের কর্মসূচিতে তারই স্পষ্ট বার্তা মিলল।















