মধ্যপ্রদেশে (Madhya Pradesh) মহিলাদের আর্থিক সহায়তার জন্য চালু করা ‘লাডলি বহনা যোজনা’ এখন রাজ্য সরকারের কোষাগারে বড়সড় চাপ তৈরি করছে। ভোপালের রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানে এই প্রকল্পের আর্থিক দায় নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মোহন যাদব (Chief Minister Mohan Yadav)। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে এই প্রকল্প ভবিষ্যতে এতটা বড় আর্থিক বোঝা হয়ে উঠবে, তা তিনি বুঝতে পারেননি। এক কনটেন্ট ক্রিয়েটরের (Content Creator) সঙ্গে কথোপকথনের সময়ই এই প্রসঙ্গ উঠে আসে।
২০২৩ সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের সূচনা করেছিল তৎকালীন শিবরাজ সিংহ চৌহান সরকার (Shivraj Singh Chouhan government)। প্রথম দিকে প্রতি মাসে ১,০০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা ছিল। পরবর্তীতে কয়েক দফায় সেই সহায়তার পরিমাণ বাড়িয়ে ১,২৫০ টাকা করা হয় এবং বর্তমানে প্রত্যেক যোগ্য মহিলা মাসে ১,৫০০ টাকা করে পাচ্ছেন। সরকারি হিসাব অনুযায়ী, বর্তমান হারে এই প্রকল্পের পিছনে বছরে প্রায় ২২,৬৮০ কোটি টাকা খরচ হচ্ছে। বিজেপির তরফে ভবিষ্যতে মাসিক সহায়তা ৩,০০০ টাকা করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: আগামী লোকসভা নির্বাচনে বাংলার ৪২ আসনই “মোদিজি”কে উপহার! ভাটনগরে অঙ্গীকার শুভেন্দুর
তবে অর্থ বরাদ্দের পাশাপাশি প্রকল্পের উপভোক্তা তালিকাতেও পরিবর্তন এসেছে। ২০২৩ সালের জুন মাসে যখন অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে তারপর থেকে ২০২৬ পর্যন্ত ৬ লক্ষ ২৫ হাজার মহিলাকে বাদ দেওয়া হয়েছে এই প্রকল্প থেকে। এবং নতুন করে নাম নথিভুক্তরও বন্ধ রয়েছে আপাতত। ২০২৩ সালের শেষ দিকে যেখানে প্রায় ১ কোটি ৩১ লক্ষ মহিলা এই সুবিধার আওতায় ছিলেন, ২০২৬ সালের জানুয়ারিতে সংখ্যাটি কমে প্রায় ১ কোটি ২৫ লক্ষ হয়েছে। প্রকল্প চালুর পর থেকে ৬ লক্ষ ২৫ হাজারের বেশি মহিলার নাম বিভিন্ন কারণে তালিকা থেকে বাদ পড়েছে। বয়স ৬০ বছর হয়ে যাওয়ার মতো বিষয়ও তার মধ্যে রয়েছে। একই সময়ে নতুন করে উপভোক্তা হওয়ার সুযোগও আপাতত বন্ধ রাখা হয়েছে।
বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরাও। বিধানসভায় কংগ্রেস বিধায়ক মহেশ পারমার (Congress MLA Mahesh Parma) জানতে চান, যোগ্য মহিলাদের নতুন করে প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া কেন শুরু হচ্ছে না। পাশাপাশি কবে থেকে নতুন আবেদন নেওয়া হবে, সেই সময়সীমা নিয়েও সরকারের কাছে জানতে চাওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: দিল্লির পর কলকাতাতেও 'জ্ঞানেশ হঠাও' অভিযান কংগ্রেসের! আটক একাধিক
ফলে লাডলি বহনা যোজনাকে ঘিরে একদিকে যেমন সরকারের বার্ষিক ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্য, তেমনই সময়ের সঙ্গে প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যাতেও পরিবর্তন দেখা যাচ্ছে। এর মধ্যেই মুখ্যমন্ত্রীর আর্থিক চাপ সংক্রান্ত মন্তব্য সামনে আসায় প্রকল্পটির ভবিষ্যৎ ব্যয় এবং উপভোক্তা কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।















