ফের দিল্লিতে (Delhi) হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। দিল্লির সীমাপুরীতে (Seemapuri, Delhi) বুধবার বিকেলে আচমকা ভেঙে পড়ে একটি পাঁচতলা বাড়ির সামনের অংশ। মুহূর্তের মধ্যে কংক্রিটের চাঙড়ের নীচে চাপা পড়ে যান বেশ কয়েক জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও দমকল। এখনও পর্যন্ত পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ধ্বংসস্তূপের নীচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনাটি ঘটে সীমাপুরীর একটি মাছের বাজারের সামনে। বিকেল সাড়ে ৩টে নাগাদ আচমকা বাড়ির সামনের অংশ ভেঙে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। অনেকে খালি হাতেই কংক্রিটের টুকরো সরিয়ে আটকে থাকা ব্যক্তিদের খোঁজার চেষ্টা করেন।
আরও পড়ুন: গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন ইন্দ্রনীলের, কী নির্দেশ দিল হাইকোর্ট?
উদ্ধারকাজ ঠিক ভাবে চালাতে ঘটনাস্থলের আশপাশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। অ্যাম্বুল্যান্স এবং উদ্ধারকারী গাড়ি যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারে, সে জন্য রাস্তা ফাঁকা রাখার ব্যবস্থা করা হচ্ছে। সীমাপুরী এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ। এদিকে, ঠিক কী কারণে বাড়িটির কিছুটা অংশটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি।
এই ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে পড়েছে দিল্লির বহুতল ভবনগুলির নিরাপত্তা। এর আগে গত ৬ সেপ্টেম্বর সত্য নিকেতনে একটি পাঁচতলা হস্টেল ভেঙে পড়ে। সেই ঘটনায় ১২ জনকে উদ্ধার করা হলেও সাত জনের মৃত্যু হয় এবং পাঁচ জন আহত হন। ওই বাড়িটি নির্মাণকাজ এবং টানা বৃষ্টির জেরে কাঠামো দুর্বল হয়ে পড়েছিল বলে প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছিল। ভবনটির অনুমোদন নিয়েও উঠেছিল প্রশ্ন।
আরও পড়ুন: শতবর্ষ পুরনো রাসায়নিক রহস্য সমাধান! রসায়নে নোবেল পেলেন কাগান ও সোয়াই
সীমাপুরীর ঘটনায় এখন প্রশাসনের নজর সম্পূর্ণ ভাবে উদ্ধারকাজের দিকে। ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে রয়েছেন কি না, সেই সন্ধানেই জোরকদমে চলছে তল্লাশি। পাশাপাশি, দুর্ঘটনার নেপথ্যে বাড়িটির কাঠামোগত দুর্বলতা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা-ও খতিয়ে দেখা হবে।















