পঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে ফের খুন স্থানীয় রাজনৈতিক নেতা। তরনতারন জেলার তুত গ্রামের আম আদমি পার্টি বা ‘আপ’-এর সরপঞ্চ অশ্বিনী কুমারকে গুলি করে খুনের অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় হামলাকারীদের বিরুদ্ধে। মঙ্গলবার স্থানীয় একটি বাজারের দিকে যাওয়ার পথে বাইকে আসা হামলাকারীরা তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। মাত্র তিনদিনের মধ্যে রাজ্যে এই নিয়ে দ্বিতীয় সরপঞ্চ-হত্যার ঘটনা সামনে এল। প্রাথমিক তথ্য অনুযায়ী, অশ্বিনী কুমার তাঁর চালক, ছেলে এবং হিসাবরক্ষককে সঙ্গে নিয়ে ইনোভা গাড়িতে করে তুত গ্রামের ডানা মান্ডির দিকে যাচ্ছিলেন। গ্রামের কাছে পৌঁছতেই মোটরবাইকে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর সহকারী চমকৌর সিংও গুলিতে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
জানা গিয়েছে, ঘটনার পরই মোটরবাইকে চেপে পালিয়ে যায় হামলাকারীরা। কারা এই হামলার পিছনে রয়েছে, কী কারণে সরপঞ্চকে নিশানা করা হল—তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করার পাশাপাশি খুনের নেপথ্যের কারণও খতিয়ে দেখা হচ্ছে। এই হত্যাকাণ্ডের কয়েক দিন আগেই লুধিয়ানায় প্রাক্তন সরপঞ্চ নভতেজ সিংও একই ধরনের হামলায় নিহত হন। তাঁকে গাড়ি আটক করে মোটরবাইকে আসা দুই ব্যক্তি গুলি করেছিল। সেই ঘটনায় পারিবারিক জমি-বিবাদকে সম্ভাব্য কারণ হিসেবে দেখেছে পুলিশ।
এর পাশাপাশি অমৃতসরে পঞ্জাবি ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধুকেও মোটরবাইকে আসা হামলাকারীরা গুলি করে হত্যা করে বলে জানানো হয়েছে। পরপর এই ধরনের ঘটনায় ভোটমুখী পঞ্জাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। সবচেয়ে বড় প্রশ্ন—ভোটের মুখে পরপর রাজনৈতিক ও স্থানীয় নেতৃত্বকে নিশানা করে হামলার নেপথ্যে কি কোনও বড় গ্যাং-চক্র, পুরনো শত্রুতা, নাকি রাজনৈতিক বিরোধ?















