দিল্লিতে হাই কোর্টের (Delhi High Court) বিচারপতিদের ‘ক্ষমতা’ কতটা, তা এবার মজার ছলে শোনালেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বিক্রম নাথ (Justice Vikram Nath)। তাঁর বক্তব্যে উঠে এল হোটেল হায়াতে ঘটে যাওয়া এক মজার ঘটনা। একদিন দুপুরে স্ত্রী এবং স্ত্রীর বোনকে নিয়ে হোটেল হায়াতে মধ্যাহ্নভোজে গিয়েছিলেন বিচারপতি বিক্রম। খাওয়াদাওয়া শেষ করে দুপুর আড়াইটে নাগাদ তাঁরা হোটেল থেকে বেরিয়ে আসেন। সামনেই দাঁড়িয়েছিল কয়েকটি সাদা গাড়ি। তাঁদের গাড়িটি ছিল ঠিক তার পিছনে। চালককে গাড়ি এগিয়ে আনতে বললেন বিচারপতি।

আরও পড়ুন: বাংলায় কীভাবে 'ভোট চুরি' প্রমাণ মিলল ভিডিওতে! বিজেপিকে আক্রমণ অভিষেকের

কিন্তু চালক জানান, সামনের গাড়িটি সরছে না। সেটি দিল্লি হাই কোর্টের বিচারপতিদের গাড়ি। বিষয়টি শুনে মজার ছলে বিচারপতি বিক্রম চালককে বলেন, “তুমি তো সুপ্রিম কোর্টের বিচারপতির গাড়ি চালাও। হাই কোর্টের বিচারপতির গাড়ি সরাতে পারছ না?” চালকের উত্তর, “অনেক বার বলেছি। কিন্তু ওঁরা গাড়ি সরাচ্ছেন না।”

আরও পড়ুন: ক্যাম্পাসে পোস্টার ঘিরে ধুন্ধুমার, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ABVP-SFI

অগত্যা অপেক্ষা করা ছাড়া আর উপায় ছিল না। কিছুক্ষণ পর ৩-৪ জন বিচারপতি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হোটেল থেকে বেরিয়ে আসেন। তাঁদের সঙ্গে কথা বলেন বিচারপতি বিক্রম নাথ। মজার ছলেই বলেন, “আপনারা যদি অনুমতি দেন, তাহলে আমি বেরোতে পারি।” এর পর বিচারপতিরাই তাঁদের চালকদের গাড়ি সরানোর নির্দেশ দেন। অবশেষে রাস্তা ফাঁকা হয়। গাড়িও বেরিয়ে যায়।

এই ঘটনাই সম্প্রতি দিল্লির একটি অনুষ্ঠানের মঞ্চে উঠে আসে। বিচারপতি বিক্রম নাথ বলেন, দিল্লিতে থাকলে হাই কোর্টের বিচারপতিদের সঙ্গে কাজ করতেই হবে। তাই তাঁদের প্রশংসাও করতে হবে! আর সেই সূত্রেই তাঁর রসিক মন্তব্য, “শীর্ষ আদালতের থেকেও বেশি ক্ষমতাশালী দিল্লি হাই কোর্ট!”