ভবানীপুরে (Bhawanipur) দাদার হাতে খুন হলেন ভাই। শুক্রবার যতীন দাস পার্কের (Jatin Das Park) ভিতরে অস্থায়ী কোয়ার্টারের সামনে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে ভাই সুরজ হেলার (৩২) গলায় কোপ মারেন দাদা চন্দন হেলা। হাসপাতালেই মৃত্যু হয় সুরজের। ঘটনায় অভিযুক্ত চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: বাড়িতে পৌঁছবে আয়ুষ্মান কার্ড! ডাক পরিষেবা নিয়ে বড় উদ্যোগ রাজ্যের
পুলিশ সূত্রে খবর, শুক্রবার ১৯ ও ২০ নম্বর অস্থায়ী কোয়ার্টারের সামনে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে সুরজের উপর হামলা চালান চন্দন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তাঁকে। এর পর সুরজকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ট্রমা কেয়ার ইউনিটে তাঁর চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন: সরকারি কর্মীদের জমা দিতে হবে স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড, জারি নির্দেশিকা
ঘটনার পরই চন্দনকে গ্রেফতার করে পুলিশ। খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তের নমুনা ও মৃতের পোশাকও সংগ্রহ করেছেন তদন্তকারীরা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অন্যান্য তথ্যপ্রমাণ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। কী কারণে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, দুই ভাইই অবিবাহিত ছিলেন এবং বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিলেন। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।















