বিধানসভার পরে এবার পাখির চোখ পুরসভা ভোট। ডবল ইঞ্জিনের পরে ট্রিপল ইঞ্জিনের (Triple Engine) টার্গেট বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনে জয়ের পরে জয়ী বিধায়কদের নিয়ে মহানগরের রাজপথে বিজয় মিছিল করেন শুভেন্দু-সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। সোমবার, মুরলীধর সেন লেন থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত বিজয় মিছিল করে পদ্ম শিবির। মিছিল শেষে ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ থেকে শুভেন্দু বলেন, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায় ডবল ইঞ্জিন দিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন দিতে হবে। আপনারা দেবেন তো? হাওড়া-কলকাতা পুরসভা দিতে হবে।” 

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ের পরে এদিন বিজয় মিছিল করে বিজেপি (BJP)। দুপাশে দুই জয়ী প্রার্থীকে নিয়ে মিছিলেন পা মেলান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক সুনীল বনশল, দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতা-নেত্রীরা। মিছিল শেষে ভিক্টোরিয়া হাউসের সামনে সভামঞ্চ থেকে নন্দীগ্রামে ও রেজিনগরে বিজেপির পাশে থাকার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ”আগে বলা হতো, বিজেপি ক্ষমতায় এলে একটি সম্প্রদায় ধর্মপালনের অধিকার থেকে বঞ্চিত হবে। তাঁদের বেছে বেছে বাংলাদেশে পাঠানো হবে। তাঁরা দেখেছেন, ভোট না দেওয়া সত্ত্বেও মোদির নেতৃত্বে বিজয়রথ আটকানো যায়নি। তাই তাঁরা আজ মূল স্রোতে এসে পশ্চিমবঙ্গের নবনির্মাণ ও উন্নয়ন, প্রগতির জন্য আজকে আমরা এক জায়গা এসেছি।”
আরও পড়ুন: ঢেলে সাজবে পুলিশবাহিনী, হবে বিপুল নিয়োগ: সময়সীমা ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচার এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-সহ বিজেপি নেতা-মন্ত্রীরা বাংলায় ডবল ইঞ্জিন সরকারে করার আহ্বান জানাতেন। পালাবদলের এখন রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার। এবার ট্রিপল ইঞ্জিনের আহ্বান জানালেন শুভেন্দু।  

এ দিনের সভা থেকে শুভেন্দু বলেন, বলেন, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায় ডবল ইঞ্জিন দিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন দিতে হবে। আপনারা দেবেন তো? হাওড়া-কলকাতা পুরসভা দিতে হবে।” মুখ্যমন্ত্রীর কথায়, ”নন্দীগ্রামে গিয়ে বলেছিলাম, ফলতার রেকর্ড ভেঙে দিতে হবে। ফলতার উপনির্বাচনে ১ লক্ষ ৯ হাজার ব্যবধান থেকে নন্দীগ্রাম উপনির্বাচনে ব্যবধান ১ লক্ষ ২২ হয়েছে। এ বার পুরসভায় পদ্ম ফুটবে। ট্রিপল ইঞ্জিন হবে।”