আর্থিক দুর্নীতি মামলার তদন্তে সোমবার সকাল থেকে কলকাতার আট জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মোটা অঙ্কের টাকা লোভ দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে অভিযোগে এদিন টালিগঞ্জ এলাকা শরৎ বোস রোড-সহ একাধিক জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। 

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা গিয়েছে মূলত বেআইনি সংস্থার সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কোটি কোটি টাকা নয়ছয় করে রিয়েল এস্টেট নির্মাণ সংস্থা এবং অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল। সেই মামলার তদন্তে গত সেপ্টেম্বর মাসে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু-সহ দেশের ১৭ টি জায়গায় ম্যারাথন অভিযানে নামে ইডি। বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়, প্রকাশ্যে আসে কয়েক কোটি টাকা দুর্নীতির কথা। এবার সেই তদন্তের পরবর্তী ধাপ হিসেবে দেবীপক্ষের দ্বিতীয়া তিথির সকাল থেকেই অ্যাকশন মোডে ED, যদিও এখনও পর্যন্ত নির্দিষ্ট করে অভিযুক্ত কোনও ব্যক্তি বা সংস্থার নাম প্রকাশ করা হয়নি।

কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, বিদেশি মুদ্রা বিনিময়ের নামে কোটি কোটি টাকার তছরুপ হয়েছে। দেশে জুড়ে এই দুর্নীতির শিকড় ছড়িয়েছে যার মূলচক্রীরা কলকাতাতেও লুকিয়ে রয়েছেন বলে তদন্তকারীদের অনুমান। এদিন সকাল সাতটা থেকে চলছে তল্লাশি, এখনো পর্যন্ত কোনও আটক বা গ্রেফতারির খবর মেলেনি।