পুজোর আগেই দুশ্চিন্তা দূর হচ্ছে কলকাতাবাসীর। উৎসবের দিনগুলোতে রাতভর পানীয় জল (Drinking Water) সরবরাহের নির্দেশ দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পুজোর ক'টা দিন রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত যাতে জল সরবরাহ বন্ধ না থাকে, তা নিশ্চিত করতে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) কমিশনার স্মিতা পাণ্ডেকে (Smita Pandey) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
আরও পড়ুন: মহালয়ার ভোরে চরম অপমান! পঙ্কজ মল্লিকের প্রশ্নে চিরতরে রেডিও ছাড়েন গায়িকা
দুর্গাপুজোর সময় রাত জেগে ঠাকুর দেখা থেকে শুরু করে ভোরে পুজোর আয়োজন, নানা কাজে ব্যস্ত থাকেন শহরবাসী। এই সময় পানীয় জলের অভাব দেখা দিলে সমস্যায় পড়তে হয় অনেককেই। বিশেষ করে ভোরে যাঁরা পুজোর প্রস্তুতি সারেন, তাঁদের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মন্ত্রী।
আরও পড়ুন: অর্থনৈতিক স্থিতিশীলতা বিষয়ক কাজ! অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট-মাইকেল
পুরমন্ত্রীর কথায়, বিগত সরকারের আমলে পুজোর দিনগুলিতে রাতের নির্দিষ্ট সময়ে জল সরবরাহ বন্ধ থাকত। ফলে ভোরবেলায় জল না পেয়ে সমস্যায় পড়তেন অনেকে। এবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না হয়, তা নিশ্চিত করতে পুরসভাকে আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, "পুজোর সময় রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকায় সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হত। এবার সারারাত জল সরবরাহ চালু রাখতে হবে, যাতে সকাল ৬টা পর্যন্ত পরিষেবা পাওয়া যায়।" মানুষের সমস্যার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।















